এক বছরে রেকর্ড ১৯ হাজার কর্মী বিদেশে পাঠাল বোয়েসেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৩
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ডসংখ্যক ১৯ হাজার ১৯৭ জন কর্মীকে বিদেশে পাঠিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ কর্মী প্রেরণের রেকর্ড।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশে গিয়েছিলেন ১৬ হাজার ৬৬ জন। এক বছরের ব্যবধানে কর্মী প্রেরণ বেড়েছে ৩ হাজার ১৩১ জন, যা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি কর্মী গেছেন জর্ডানে, ১৪ হাজার ৫৪৩ জন। এছাড়া ব্রুনাইয়ে ১ হাজার ৮১২ জন, দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৪০৪ জন, মালয়েশিয়ায় ১ হাজার ৭ জন, রাশিয়ায় ৩৪২ জন, ইরাকে ৬৪ জন, জাপানে ১১ জন, হংকংয়ে ৪ জন, কুয়েতে ৫ জন এবং ফিজিতে ৫ জন কর্মী পাঠানো হয়েছে।
১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বোয়েসেল বিশ্বের প্রায় ৩৬টি দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বর্তমানে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইরাক, হংকং, কুয়েত, ব্রুনাই, রাশিয়া, ফিজি, জাপান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠাচ্ছে প্রতিষ্ঠানটি।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, বিদেশি রাষ্ট্রগুলোর কাছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধির কারণে কর্মী প্রেরণ বেড়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বৈদেশিক কর্মসংস্থানের বাজারে সিন্ডিকেটের প্রভাব থাকায় স্বল্প ব্যয়ে বিদেশে যাওয়ার সুযোগ সীমিত ছিল। এখন সেই সুযোগ আবার তৈরি হচ্ছে। যেসব বাজারে বেসরকারি সিন্ডিকেট কার্যকর হয়নি, সেখানে বোয়েসেল কাজ করছে। পাশাপাশি অতীতে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে জনশক্তি রপ্তানি করে বোয়েসেল। এ ধরনের আস্থা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সরকারের ১০ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি বলেন, বোয়েসেলের মাধ্যমে নির্দিষ্টভাবে কতজন কর্মী বিদেশে যেতে পারবেন তা বলা সম্ভব নয়। তবে অতীতের পরিসংখ্যান অনুযায়ী, মোট কর্মীর প্রায় ১ দশমিক ৫ শতাংশ বোয়েসেলের মাধ্যমে বিদেশে গেছেন।
বোয়েসেলের নির্বাহী পরিচালক মো. শওকত আলী জানিয়েছেন, চলতি অর্থবছরে ৪০ হাজার কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য পূরণ হলে গত অর্থবছরের রেকর্ডের দ্বিগুণেরও বেশি কর্মী বিদেশে পাঠানোর নতুন নজির তৈরি হবে।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক নূর আহমেদ জানান, জুলাই মাসেই বোয়েসেলের মাধ্যমে ১ হাজার ৪৩১ জন কর্মী বিদেশে গেছেন। একই সঙ্গে নতুন শ্রমবাজার খোঁজার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গোলিয়ায় নতুন শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
logo-1-1740906910.png)