সৌদিতে গৃহকর্মীর চাকরির নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২১:৪১
সৌদি আরবে প্রবাসীদের চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন থেকে কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোম্পানি থেকে সরাসরি ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন একটি ইলেকট্রনিক সেবা চালু করেছে, যার মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীরা কোম্পানির চাকরি ছেড়ে ব্যক্তিগত নিয়োগকর্তার কাছে গৃহকর্মী বা ডমেস্টিক ওয়ার্কার হিসেবে বৈধভাবে চাকরি বদলাতে পারবেন।তবে এই সুবিধা পেতে কয়েকটি শর্ত মানতে হবে। কর্মীর অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে।
এছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল বা অন্যান্য বিশেষায়িত পেশায় কর্মরত হতে পারবেন না। একই সঙ্গে যে পেশায় স্থানান্তর করা হবে, সেটি অবশ্যই সৌদির অনুমোদিত ডমেস্টিক ওয়ার্ক শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনের সময় আগের প্রতিষ্ঠানের চেম্বার অব কমার্সে সত্যায়িত অনাপত্তিপত্র, নতুন নিয়োগকর্তার আয়ের প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট, কর্মীর ইকামার কপি এবং নতুন নিয়োগকর্তার প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে।
কর্তৃপক্ষ বলছে, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো শ্রমবাজারকে আরো সুশৃঙ্খল করা, কর্মীদের স্থানান্তর প্রক্রিয়া সহজ করা এবং নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো। পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে আগের তুলনায় সময় ও জটিলতা দুটিই কমবে।
logo-1-1740906910.png)