Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ দ্রুত করার নির্দেশ আনোয়ার ইব্রাহিমের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৮:০৯

মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ দ্রুত করার নির্দেশ আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ায় শ্রমিক সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির যেসব খাতে জরুরি ভিত্তিতে জনবলের প্রয়োজন রয়েছে, সেখানে শ্রমিক সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টার এই খবর প্রকাশ করেছে।

বুধবার ৫ আগস্ট দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানান।

ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন অবিলম্বে প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিক চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চান প্রধানমন্ত্রী।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে বিদেশি শ্রমিক সংকটের সমাধান করতে নির্দেশ দেন। বিশেষ করে মালয়েশিয়ার ভারতীয় মুসলিম বা ‘মামাক’ রেস্তোরাঁ খাতে শ্রমিকের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ এখন জরুরি হয়ে পড়েছে। তবে বিদেশি কর্মী আনার ক্ষেত্রে যথাযথ নিয়ম ও নিয়ন্ত্রণ বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সরকারের সর্বশেষ নির্দেশনার ফলে বিদেশি কর্মী নিয়োগের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর আবেদন নিষ্পত্তির গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

Logo