Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:২০

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

প্রবাসীদের অধিকার আদায় এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ইতালিতে বৃহত্তর সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উদ্যোগে বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

রোমের অদূরে পাহাড় ও মনোরম লেকবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লেক লাগো দি ব্রাচ্চিয়ানোর (Lago di Bracciano) তীরে আয়োজিত এ বনভোজনে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি রুবেল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রিপনের পরিচালনায় দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবারের সমৃদ্ধ পরিবেশনা, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ধরনের গ্রামীণ ও বিনোদনমূলক খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, লোকসংগীতের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরারও চেষ্টা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমির হোসেন লিটন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহতাব আহমেদ ও আবুল হোসেন। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, নিজু আহমেদ, কোষাধক্ষ্য জাকির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আজির হোসেন, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক পাভেল আহমেদ, সদস্য আশরাফ আহমেদ, তন্ময়, সাইফুল আহমেদ, রাজু আহমেদসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদিনের আনন্দ-উৎসব শেষলগ্নে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ব্যস্ত প্রবাসজীবনের একঘেয়েমি দূর করে পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে এমন মিলনমেলা প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে এবং শেষে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার বিজয়ী ও লটারি ড্র বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

Logo