Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভিসা বাতিল ইস্যুতে দূতাবাসের জরুরি নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:০১

আমিরাতে ভিসা বাতিল ইস্যুতে দূতাবাসের জরুরি নির্দেশনা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের ভিসা বাতিলের অভিযোগ নিয়ে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি বিশেষ উদ্যোগ নিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ ডাটাবেস তৈরি করা হবে। খালিজ টাইমস এর এক প্রতিবেদনে এ সংবাদ জানা যায়।

৩১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বিভিন্ন সূত্র থেকে প্রবাসীদের ভিসা বাতিলের খবর পাওয়া গেছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রবাসীদের অনুরোধ করা হয়েছে দ্রুততম সময়ে দূতাবাসের সরকারি ইমেইল ঠিকানায় (mission.abudhabi@mofa.gov.bd) প্রয়োজনীয় তথ্য পাঠাতে। যারা ইতিমধ্যে তথ্য দিয়েছেন, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।

দূতাবাস জানিয়েছে, ইমেইলের বিষয় (Subject) লাইনে লিখতে হবে: “Visa Cancellation Issue - [আপনার নাম]”। এছাড়া যোগাযোগের জন্য দেওয়া হয়েছে দুটি নম্বর আবুধাবি দূতাবাস: +971 56 611 7215, দুবাই কনস্যুলেট: +971 50 816 8253।

প্রবাসীদের কাছ থেকে যে তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর ও কপি, এমিরেটস আইডি নম্বর ও কপি, পেশা, কোম্পানি বা স্পন্সরের নাম ও মোবাইল নম্বর, ভিসার মেয়াদ ও বাতিলের তারিখ, বর্তমান অবস্থান, সর্বশেষ বাংলাদেশ সফরের তারিখ, মোবাইল বা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেইল ঠিকানা।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবগত এবং নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে। ভিসা বাতিলের ঘটনা প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। সঠিক ও নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা প্রবাসীদের জানানো হবে।

দূতাবাস সতর্ক করে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো বা দূতাবাসের ইমেইল ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। প্রবাসীদের অনুরোধ করা হয়েছে শুধু সরকারি সূত্রের ওপর নির্ভর করতে এবং বাংলাদেশ ও আমিরাতের আইন মেনে চলতে।

Logo