আমিরাতে আগস্টের আবহাওয়া কেমন যাবে জানাল এনএমসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:২০
সংযুক্ত আরব আমিরাতে আগস্ট মাসজুড়ে তীব্র গরম, বাড়তি আর্দ্রতা এবং কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি। আবহাওয়াবিদদের মতে, জুলাইয়ের মতো আগস্টেও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ মরুভূমি এলাকায় গরমের তীব্রতা বেশি থাকবে।
এছাড়া আগস্টের দ্বিতীয়ার্ধে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরো বেড়ে যেতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় গরম আরো অস্বস্তিকর অনুভূত হবে। উপকূলীয় এলাকায় উচ্চ আর্দ্রতার কারণে 'ফিলস লাইক' তাপমাত্রাও অনেক বেশি হতে পারে। তবে স্বস্তির খবরও রয়েছে। পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বিকেলের দিকে ভারী মেঘের কারণে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়া ও ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের দুপুরের প্রচণ্ড রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং বাইরে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও বাইরে কর্মরতদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
logo-1-1740906910.png)