মালয়েশিয়ার খবর ২ আগস্ট ২০২৬
মাদকসহ মালয়েশিয়ান পাইলট আটক, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:৪৩
মাদকের বড়িসহ এক মালয়েশিয়ান পাইলটকে জাকার্তায় আটক করা হয়েছে। দ্য স্টারের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ৩৯ বছর বয়সী ওই পাইলট মালয়েশিয়া এয়ারলাইন্সের কুয়ালালামপুর-জাকার্তা ফ্লাইট পরিচালনা করে জাকার্তায় পৌঁছানোর পর কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন। পাইলটের কাছ থেকে ৭০ হাজার মাদকের বড়ি উদ্ধার করা হয়েছে। যার ওজন ছিল ২৬ কেজি।
মালয়েশিয়ার পুলিশ সদর দপ্তর বুকিত আমান জানিয়েছে, তারা ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তদন্তে সহযোগিতা করছে।
অন্যদিকে মালয়েশিয়া এয়ারলাইন্সও ঘটনাটির অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, যে কোনো ধরনের অসদাচরণের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে।
মাদক কারবারির এই ঘটনা ধরা পড়ার পর বিমানকর্মীদের লাগেজ তল্লাশি জোরদার করা হয়েছে। বিমান চলাচল খাতে দেখা দিয়েছে নিরাপত্তা উদ্বেগ। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী বা ক্র সবার স্বার্থে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এদিকে, ইন্দোনেশিয়ায় বড় পরিসরে মাদক পাচারের শাস্তি অত্যন্ত কঠোর। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত মালয়েশিয়ান পাইলটের বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি হতে পারে।
logo-1-1740906910.png)