Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশে দেশে তীব্র গরমের সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:৪১

মধ্যপ্রাচ্যের দেশে দেশে তীব্র গরমের সতর্কবার্তা

বাহরাইন

বাহরাইনে তীব্র দাবদাহ, ড্রাইভারদের জন্য সতর্কতা

বাহরাইনে তীব্র গরমের কারণে আবারো বেড়েছে গাড়িতে আগুন লাগার ঘটনা। তাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত তাপমাত্রা, গাড়ির বৈদ্যুতিক ত্রুটি, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাব; এসবই গাড়িতে আগুন লাগার প্রধান কারণ। এছাড়া পারফিউম, হ্যান্ড স্যানিটাইজার, লাইটার, অ্যারোসল ক্যান, পাওয়ার ব্যাংক বা মোবাইল ফোনের মতো দাহ্য ও চাপযুক্ত জিনিস গাড়ির ভেতরে রেখে দিলে ঝুঁকি আরো বেড়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালকদের সব সময় গাড়িতে কার্যকর ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নিয়মিত গাড়ির ইঞ্জিন, কুলিং সিস্টেম, বৈদ্যুতিক সংযোগ ও তরলের মাত্রা পরীক্ষা করারও আহ্বান জানানো হয়েছে। গাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করতে হবে। যাত্রীদের নিরাপদ রাখতে হবে। গাড়িতে আগুনের মাত্রা বেশি হলেও কোনো অবস্থাতে গাড়ির বনেট খুলতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। কারণ এতে অক্সিজেন ঢুকে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এদিকে, দিয়ার আল মুহাররাক এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন লাগে। তবে স্বস্তির বিষয় এ ঘটনায় কেউ আহত হননি। 

সৌদি আরব

সৌদিজুড়ে ধূলিঝড়, দাবদাহের পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবারো বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় ধূলিঝড়, দমকা হাওয়া, বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে যেতে পারে এবং সড়ক চলাচলে সমস্যা হতে পারে। বিশেষ করে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চল, রিয়াদ, মদিনা ও নাজরান অঞ্চলে ধূলিঝড় ও গরম আবহাওয়ার প্রভাব বেশি থাকতে পারে।কর্তৃপক্ষ সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ধূলিঝড়ের সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে তীব্র তাপপ্রবাহ, শুরু মহাগরমের মৌসুম

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বছরের সবচেয়ে কঠিন গরমের সময়। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের গ্রীষ্মের সবচেয়ে তীব্র পর্যায়ে প্রবেশ করেছে উপসাগরীয় অঞ্চল।এই সময়ে প্রচণ্ড গরম, শুষ্ক বাতাস এবং তীব্র রোদের কারণে জনজীবনে বাড়ছে ভোগান্তি। বিশেষ করে দেশটির অভ্যন্তরীণ মরুভূমি এলাকাগুলোতে তাপমাত্রা ৫০ ডিগ্রির ওপরে উঠতে পারে। উপকূলীয় এলাকায় তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতার কারণে গরম আরো বেশি অনুভূত হতে পারে। বিশেষজ্ঞরা এই সময়ে বাসিন্দাদের দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং বাইরে কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। গাড়িচালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। দীর্ঘ সময় রোদে গাড়ি পার্ক না করা এবং গাড়ির ভেতরে পানি, ইলেকট্রনিক ডিভাইস বা দাহ্য জিনিস না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদদের মতে, এই তীব্র গরমের ধাপ আরো কিছুদিন চলতে পারে। তাই সংযুক্ত আরব আমিরাতে থাকা সবাইকে আবহাওয়ার আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে

ওমান

ওমানে ট্রান্সপোর্ট ব্যবস্থায় বড়োসড়ো পরিবর্তন শুরু

ওমানে ১ আগস্ট থেকে বেশ কিছু নতুন পরিবর্তন কার্যকর হয়েছে, যা দেশটির নাগরিক ও প্রবাসীদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় পরিবর্তনের একটি এসেছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থায়। এখন থেকে মাসকাট ও সালালাহ শহরের মাওয়াসালাত বাসে নগদ ভাড়া দেওয়ার ব্যবস্থা বন্ধ করা হয়েছে। এর পরিবর্তে যাত্রীদের ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে। এছাড়া ওমানের ট্যাক্স অথরিটির ইলেকট্রনিক সেবায় নতুন লগইন ব্যবস্থা চালু হয়েছে। ১ আগস্ট থেকে অনলাইন ট্যাক্স সেবা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের থিকিউয়া ডিজিটাল আইডেন্টিটি অ্যাপের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষ ব্যবহারকারীদের আগে থেকেই থিকিউয়া অ্যাকাউন্ট একটিভ করা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যাদের অনলাইন সরকারি সেবা নিয়মিত ব্যবহার করতে হয়, তাদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। ওমানে বসবাসকারী সবাইকে নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকতে এবং প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করে নিতে বলা হয়েছে।

কুয়েত

কুয়েতের জালিবে অভিযান, হাজারের বেশি গ্রেপ্তার

কুয়েতে অবৈধ বসবাস, রেসিডেন্সি আইন লঙ্ঘন এবং শ্রম আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী কুয়েতের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা জ্লিব আল শুয়ুখে পরিচালিত এই অভিযানে মোট ১ হাজার ২৫৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রেসিডেন্সি আইন ভঙ্গকারী প্রবাসী, বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং আইন লঙ্ঘনকারী ব্যক্তিরা রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করা, ভিসার শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শ্রমবাজারে অনিয়ম নিয়ন্ত্রণ করা। বিশেষ করে যেসব ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন, অনুমোদন ছাড়া কাজ করছেন বা নির্ধারিত নিয়মের বাইরে কর্মসংস্থানে যুক্ত রয়েছেন; তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জালিব আল শুয়ুখ এলাকায় এর আগেও একাধিকবার নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু আইন ভঙ্গকারী কর্মী নয়, অবৈধভাবে শ্রমিক নিয়োগ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফলে এই সময়ে সতর্ক থাকতে হবে প্রবাসীদের।

Logo