মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ জুলাই ২০২৬
আমিরাতের অটো ভিসা বাতিল, সমাধানে উদ্যোগ দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৪:৪৪
বাহরাইন
বাহরাইনে ৯ মাদক কারবারি আটক
বাহরাইনে মাদকবিরোধী পৃথক চারটি অভিযানে বিভিন্ন দেশের ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যান্টি-নারকোটিকস ডিরেক্টরেট। অভিযানে ৯ কেজির বেশি বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮৪ হাজার বাহরাইনি দিনার, যা টাকার অঙ্কে ২২ কোটি ৪৩ লাখ টাকা। আটককৃতরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতেই এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচার, সংরক্ষণ ও বিক্রির অভিযোগ আনা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে, যা স্থানীয় বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে মাদক পরিবহন ও সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে।
সৌদি আরব
সৌদির স্থাপনায় হামলার জের, ইরাকে মিলিশিয়া ঘাঁটিতে পাল্টা হামলা
সৌদির তেলখনিতে ড্রোন হামলা চেষ্টার প্রতিক্রিয়ায় ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে সৌদি সামরিক বাহিনী। আর তাতে ২০ জন মিলিশিয়া মারা গেছে বলে জানা গেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে সৌদি জ্বালানি স্থাপনা ও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই হামলা হলো এমন একটা সময়ে যখন ক্রাউন প্রিন্সের নেতৃত্বে সৌদির মন্ত্রিসভা তার দেশের তেলের খনিতে যে কোনো হামলার কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি দেয়। মার্কিন (CENTCOM) জানিয়েছে, হামলায় ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও চাপের মুখে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের অটো ভিসা বাতিল, সমাধানে উদ্যোগ দূতাবাসের
সংযুক্ত আরব আমিরাতে ভিসা অটো বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস উদ্যোগ নিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০০ জন প্রবাসীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। এছাড়া আরো প্রায় ১ হাজার ৪০০টি আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রবাসীদের সতর্ক করে বলেছে, যাদের ভিসা অটো বাতিল হয়েছে, তারা যেন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা-সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রবাসীদের সরকারি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওমান
ওমানে অনলাইনে খাবার বিক্রি নিয়ে সতর্কতা
ওমানে সামাজিক যোগাযোগমাধ্যমে খাদ্যপণ্যের প্রচারণা নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি সেন্টার। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কোনো ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন সংস্থা বা খাদ্য ব্যবসায়ী সরকারি অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্যের বিজ্ঞাপন বা প্রচারণা চালাতে পারবেন না। এই নির্দেশনা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, সব ধরনের গণমাধ্যমে পরিচালিত খাদ্যপণ্যের প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।কর্তৃপক্ষের ভাষ্য, এই নিয়ম ওমানের ফুড সেফটি আইনের আওতায় কার্যকর করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বাজারে প্রচারিত খাদ্যপণ্যগুলো যেন নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের সরকারি মানদণ্ড পূরণ করে এবং ভোক্তারা বিভ্রান্তিকর বা অনুমোদনহীন প্রচারণার শিকার না হন। ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি সেন্টার সতর্ক করে জানিয়েছে, অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্যের প্রচারণা চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুয়েত
কুয়েতে ভুয়া পুলিশের চক্করে এক এশীয় প্রবাসী
কুয়েতে পুলিশ পরিচয়ে এক এশীয় প্রবাসীকে মাদক তল্লাশির নামে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির আলি সাবাহ আল-সালেম এলাকায় ৩৯ বছর বয়সী ওই প্রবাসীকে টার্গেট করে এক ব্যক্তি নিজেকে সিআইডির সদস্য বলে পরিচয় দেন। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে তার গাড়িতে তল্লাশি চালানোর সময় মাদক সন্দেহের কথা বলে ভয় দেখান এবং সুযোগ বুঝে ৩৯০ কুয়েতি দিনার নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভুক্তভোগী পুলিশকে জানান, অভিযুক্ত যে গাড়িটি ব্যবহার করেছিল তার কিছু তথ্য তিনি মনে রাখতে পেরেছেন। তদন্তকারীদের ধারণা, গাড়িটি চুরি করা হতে পারে অথবা এতে ব্যবহৃত নম্বরপ্লেট অন্য কোনো গাড়ি থেকে নেওয়া হয়েছিল। ঘটনার পর আলি সাবাহ আল-সালেম থানায় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা ও চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে, যারা ট্রাফিক বিভাগের সহায়তায় সন্দেহভাজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। ফলে এই ধরনের ঘটনায় সতর্ক থাকতে হবে প্রবাসীদের।
logo-1-1740906910.png)