Logo
×

Follow Us

ইউরোপ

ইতালি বিএনপির পুনর্গঠন ও দ্বি-বার্ষিক সম্মেলনের দাবিতে সংবাদ সম্মেলন

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২৩:৪৮

ইতালি বিএনপির পুনর্গঠন ও দ্বি-বার্ষিক সম্মেলনের দাবিতে সংবাদ সম্মেলন

দীর্ঘ দেড় বছর ধরে ইতালি বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থবির থাকার অভিযোগ তুলে দল পুনর্গঠন এবং ২০২৬ সালের দ্বি-বার্ষিক সম্মেলনের দাবিতে রোমে সংবাদ সম্মেলন করেছেন ইতালি বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ১৭ জানুয়ারি ইতালি বিএনপি এবং এর অধীনস্থ সব প্রভিন্স কমিটি বিলুপ্ত করা হলেও এখন পর্যন্ত নতুন কমিটি গঠন বা সম্মেলনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, এতে ইতালিতে দলের সাংগঠনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে।

তারা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষ থেকে একাধিকবার ঐক্যবদ্ধ কমিটি গঠনের আহ্বান জানানো হলেও বিদায়ী নেতৃত্ব কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এ পরিস্থিতিতে ইতালি বিএনপিকে পুনর্গঠন, সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং 'ইতালি বিএনপি কেন্দ্রীয় শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬' আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুমোদনের আবেদন করা হয়েছে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রস্তাবিত আহ্বায়ক ও ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। তিনি অভিযোগ করেন, ২০১৫ সালের নির্বাচিত কমিটি বিলুপ্ত করে পরবর্তীতে অগণতান্ত্রিকভাবে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয় এবং দীর্ঘ এক দশক ধরে দলীয় গণতান্ত্রিক চর্চা ব্যাহত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভিন্নমত পোষণকারী অনেক নেতাকর্মীকে বিভিন্ন সময় সাংগঠনিকভাবে কোনঠাসা করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ২০২৬ সালের মে মাসে কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষর জাল করে কমিটি গঠনের অভিযোগসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রস্তাবিত সদস্য সচিব হুমায়ুন কবির অভিযোগ করেন, কমিটি বিলুপ্ত হওয়ার পরও কিছু ব্যক্তি নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং অতীতের বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্তের কারণে ইতালি বিএনপির ক্ষতি হয়েছে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ।

সংবাদ সম্মেলনে বক্তারা ইতালিতে অবস্থানরত বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে ইতালি বিএনপির পুনর্গঠনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রচার করা হবে।

Logo