কুয়েতে দোকানে অভিযান: জব্দ পচা মাছ, বন্ধ সিগারেটের দোকান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:২২
জনস্বাস্থ্য ও ভোক্তা সুরক্ষা অভিযান আরো জোরদার করেছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৃথক অভিযানে অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রি, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং পচা মাছ বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুভেনাইল প্রটেকশন বিভাগের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে একটি দোকান। সঙ্গে সঙ্গে দোকানটি বন্ধ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। একই অভিযানে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের দায়ে একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে, খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের অভিযানে খাইতান এলাকার একটি রেস্তোরাঁয় বিক্রির জন্য রাখা ৬১ কেজি পচা মাছ জব্দ করা হয়।
মাছগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং রেস্তোরাঁটির বিরুদ্ধে ১১টি আইন লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার, রেস্তোরাঁ, দোকান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)