Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ জুলাই ২০২৬

বাহরাইনে ৩১ জুলাই দূতাবাসের গণশুনানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:১৭

বাহরাইনে ৩১ জুলাই দূতাবাসের গণশুনানি

বাহরাইন

বাহরাইনে ৩১ জুলাই দূতাবাসের গণশুনানি

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ জানতে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, বাহরাইন। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জুলাই শুক্রবার ২০২৬ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দূতাবাসের হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি উপস্থিত থাকবেন। দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, দূতাবাসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী প্রবাসীরা এতে অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি তুলে ধরতে পারবেন এবং দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। মধ্যপ্রাচ্যে অস্থির এই সময়ে যখন বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের অনেকে দেশে ফিরলে ভিসা বাতিল হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, তখন এর প্রতিকার পেতে এই গণশুনানিতে অংশগ্রহণ ফলপ্রসূ হতে পারে।

সৌদি আরব

সৌদির জেদ্দায় নকল জার্সি বিক্রির বিরুদ্ধে অভিযান

সৌদি আরবের জেদ্দার বিভিন্ন দোকানে অভিযানে ৩ হাজার ৬৯৯টি নকল ব্র্যান্ডের পণ্য জব্দ করেছে। জেদ্দা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে বিভিন্ন দোকান ও গুদামে বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে বিক্রির উদ্দেশ্যে রাখা নকল পণ্য উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের মধ্যে পোশাক, আনুষঙ্গিক সামগ্রী এবং বিভিন্ন পণ্য ছিল, যেগুলো অনুমোদন ছাড়াই পরিচিত ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে বাজারে বিক্রি করা হচ্ছিল। জব্দ করা মালামালের মধ্যে বিভিন্ন দেশের জার্সিও ছিল। কর্তৃপক্ষ জব্দ করা সব নকল পণ্য বাজেয়াপ্ত করেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। জেদ্দা পৌরসভা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেছে, মেধাস্বত্ব লঙ্ঘন এবং নকল পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতের কোর্টের আদেশে এক এশিয়ান বহিষ্কার

আরব আমিরাতের শারজাহ আদালত অবৈধভাবে অর্থ লেনদেনের দায়ে দোষী সাব্যস্ত করে এক এশীয় নাগরিককে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। আদালত আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ডের পরিবর্তে তাকে বহিষ্কারের আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ছাড়াই প্রবাসীদের কাছ থেকে বিদেশে টাকা পাঠানোর জন্য অর্থ সংগ্রহ করতেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি ও তদন্তের মাধ্যমে তার এই অপকর্ম শনাক্ত করে। পরে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের সময় তাকে আটক করা হয়। তদন্তে আরো প্রমাণ মিলেছে, তিনি বিদেশে থাকা সহযোগীদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ অর্থ স্থানান্তরের সমন্বয় করতেন। আদালতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ স্বীকার করেন। এরপর আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পরিবর্তে আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

ওমান

ওমানে অন্যের ছবি ছাড়লে বড় শাস্তি

ওমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি, ভিডিও, কথোপকথন বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অন্যের অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ, কপি, স্থানান্তর, প্রকাশ বা শেয়ার করা ওমানের সাইবার অপরাধ দমন আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এমনকি কোনো তথ্য, ছবি বা ভিডিও সত্য হলেও যদি তা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে প্রকাশ বা প্রচার করা হয়, তাহলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আইনি দায় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগেই। তাই অনলাইনে অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি-ভিডিও প্রকাশের আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে থাকা সতর্ক উচিত।

কুয়েত

কুয়েতে তিন এশিয়ান ট্যাক্সি ড্রাইভার আটক

কুয়েতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে তিন এশীয়কে গ্রেপ্তার করেছে দেশটির জেনারেল ট্রাফিক বিভাগ। অভিযানের সময় তাদের যাত্রী পরিবহনের বিনিময়ে টাকা নিতে দেখা যায়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনকে একটি পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে। একই সঙ্গে অবৈধ যাত্রী পরিবহনে ব্যবহৃত তাদের ব্যক্তিগত গাড়িগুলো জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দেশটির জেনারেল ট্রাফিক বিভাগ জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে এবং ৩১টি গাড়ি জব্দ করা হয়েছে। অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, সিটবেল্ট না পরা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাক ও টোয়িং-সংক্রান্ত নিয়ম ভঙ্গ, উচ্চ শব্দ সৃষ্টি এবং অতিরিক্ত কালো কাচ ব্যবহারের মতো বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গত ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত পরিচালিত আরেকটি সড়ক নিরাপত্তা অভিযানে ৩৫ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

Logo