প্রবাসী কার্ডে বিমানের টিকেটে ছাড়; নামজারিতে অগ্রাধিকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:০৫
প্রবাসীদের জন্য চালু হওয়া নতুন ‘প্রবাসী কার্ড’ এখন শুধু পরিচয়ের প্রতীক নয়, বরং নানা সরকারি সেবায় বিশেষ সুবিধার নিশ্চয়তা দিচ্ছে। মঙ্গলবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও বাস্তবে তাদের মর্যাদা সব সময় নিশ্চিত হয় না। প্রবাসী কার্ড চালুর মাধ্যমে তাদের কাজের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।” তিনি এ উদ্যোগ সফল করতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আফরোজা খানম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটে ছাড় এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। তিনি বলেন, “প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।”
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রবাসী কার্ডধারীরা Priority Check-in ও Boarding সুবিধা পাবেন।
ভূমি মন্ত্রণালয়ের এক সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রবাসী কার্ডধারীরা ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন। প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, মিউটেশন ও অন্যান্য সেবা দ্রুত সম্পন্ন হবে। ভূমি অফিসে প্রবাসী কর্নার স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার প্রবাসী কার্ড চালু করছে। ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।” তিনি আরো জানান, এসব সেবা সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, যাতে প্রবাসীরা দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সেবা নিতে পারেন।
logo-1-1740906910.png)