Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগালে চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে তরুণদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:০১

পর্তুগালে চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে তরুণদের

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কর্মসংস্থানে ভঙ্গুর অবস্থার দিক থেকে পর্তুগাল অন্যতম শীর্ষে রয়েছে। ইউরোফাউন্ডের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতি চারজন শ্রমিকের একজন অন্তত একটি কর্মসংস্থান ঝুঁকির মুখে রয়েছেন। এ হার ২৫ শতাংশ, যা স্পেনের (২৯ শতাংশ) পরেই সর্বোচ্চ এবং লুক্সেমবার্গের সমান।

২০০৯ থেকে ২০২১ সালের সময়কাল বিশ্লেষণ করে ইউরোফাউন্ড জানায়, ইউরোপীয় ইউনিয়নের মোট চাকরির প্রায় ১৯ শতাংশকে ভঙ্গুর হিসেবে চিহ্নিত করা যায়। বিশ্লেষণের তিনটি মূল মাত্রা হলো- অপর্যাপ্ত আয়, চাকরির অনিশ্চয়তা এবং কর্মক্ষেত্রে অধিকারহীনতা।

পর্তুগাল ছাড়াও স্পেন, লুক্সেমবার্গ ও ইতালিতে (২৪ শতাংশ) শ্রমিকদের ঝুঁকি বেশি। বিপরীতে হাঙ্গেরি (১৭ শতাংশ), মাল্টা (১৮ শতাংশ) ও বুলগেরিয়ায় (১৮ শতাংশ) এ হার সবচেয়ে কম।

২০০৭-০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর কর্মসংস্থানে ভঙ্গুরতা বেড়ে যায়। বিশেষ করে অস্থায়ী ও অনিচ্ছাকৃত খণ্ডকালীন কাজের সংখ্যা বাড়ায় পরিস্থিতি আরো খারাপ হয়। তবে ২০১৬ সালের পর থেকে ধীরে ধীরে উন্নতি শুরু হয়। বর্তমান পরিস্থিতি সংকট-পূর্ব সময়ের তুলনায় কিছুটা ভালো হলেও দেশভেদে পার্থক্য রয়ে গেছে।

প্রতিবেদন বলছে, নারীরা, তরুণরা, অভিবাসী শ্রমিক, প্রতিবন্ধী ব্যক্তি, রোমা সম্প্রদায় ও এলজিবিটি+ জনগোষ্ঠী কর্মসংস্থানে সবচেয়ে বেশি ঝুঁকিতে। নারীদের ক্ষেত্রে পরিবার ও কাজের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে। অভিবাসীরা যোগ্যতা স্বীকৃতি ও আইনি সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়েন।

অন্যদিকে অভিজ্ঞতা একটি সুরক্ষা হিসেবে কাজ করে। ইউরোফাউন্ড জানায়, প্রতি বছর কাজের অভিজ্ঞতা বাড়লে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা প্রায় এক শতাংশ কমে যায়। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এ হার ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

যখন একাধিক ঝুঁকি একসঙ্গে জমা হয়, তখন কর্মীদের ক্যারিয়ার অগ্রগতি, প্রশিক্ষণ সুযোগ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ও আয় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক স্বাস্থ্যে বড় প্রভাব না পড়লেও মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা বেড়ে যায়।

ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শ্রমবাজারে পরিবর্তন মোকাবিলায় ইউরোফাউন্ড বলছে, জাতীয় ও ইউরোপীয় নীতিকে আরো শক্তিশালী করতে হবে। কর্মপরিবেশ পর্যবেক্ষণ, অস্বাভাবিক কর্মসংস্থানের অপব্যবহার রোধ, জিরো-আওয়ার চুক্তি নিয়ন্ত্রণ এবং নিয়মিত আইন পর্যালোচনার মাধ্যমে কর্মসংস্থানের মান ও সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

Logo