মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ জুলাই ২০২৬
আমিরাতে প্রবাসীদের আইডি সাথে রাখার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:৩১
বাহরাইন
বাহরাইনে রাস্তায় কাপড় শুকালে ১০০ দিনার জরিমানা
বাহরাইনে সড়কের পাশে বা জনসম্মুখে কাপড় ধোয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য, পরিবেশ ও শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার পাশে বা উন্মুক্ত স্থানে কাপড় ধোয়ার ফলে নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। সেই সাথে বাসাবাড়ির সামনে দড়ি টাঙিয়ে বা স্ট্যান্ডে কাপড় শুকাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এতে শহরের সৌন্দর্য থাকে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১০০ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি চালানো হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত।
সৌদি আরব
সৌদিতে বহু বিদেশি আটক, বহিষ্কার ১২ হাজারের বেশি
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজার ৮০০-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সারাদেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ১১ হাজার ৮০০ জনকে সৌদি থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৯ হাজার ২৮৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৭ হাজার ১২৭ জন পুরুষ এবং ২ হাজার ১৫৯ জন নারী রয়েছেন। যদিও আটক, গ্রেপ্তার ও বহিষ্কৃতদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। ২৪ মহররম থেকে পহেলা সফর পর্যন্ত এই অভিযান চলে। সৌদি সরকার সতর্ক করে বলেছে, অবৈধদের পরিবহন, আশ্রয় বা অন্য যে কোনো ধরনের সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানাসহ অন্যান্য শাস্তি হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে প্রবাসীদের আইডি সাথে রাখার নির্দেশ
বিদেশ ভ্রমণ শেষে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় প্রবাসীদের অবশ্যই তাদের আসল এমিরেটস আইডি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন ভ্রমণ বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, অনেক আন্তর্জাতিক বিমানবন্দরে আসল এমিরেটস আইডি দেখাতে না পারলে এয়ারলাইন যাত্রীকে বিমানে উঠতে দিতে অস্বীকৃতি জানাতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল কপি, মোবাইলে সংরক্ষিত ছবি, স্ক্রিনশট বা ফটোকপি আসল এমিরেটস আইডির বিকল্প হিসেবে গ্রহণ করা নাও হতে পারে। তাই বিদেশে যাওয়ার সময় পাসপোর্টের পাশাপাশি আসল এমিরেটস আইডিও সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোর দিয়ে বলা হয়েছে, বর্তমানে এমিরেটস আইডি আমিরাতে বসবাসের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বিদেশ থেকে ফেরার সময় এয়ারলাইন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাসিন্দার পরিচয় ও বৈধ আবাসিক অবস্থান যাচাইয়ের জন্য এটি দেখতে চাইতে পারে। ভ্রমণ বিশেষজ্ঞরা আরো বলেন, যাত্রার আগে পাসপোর্ট, রেসিডেন্স ভিসা এবং এমিরেটস আইডির মেয়াদ বৈধ রয়েছে কিনা, তা নিশ্চিত করা উচিত। প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে থাকলে বিমানবন্দর বা ইমিগ্রেশনে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো সম্ভব হবে।
ওমান
ওমানে প্রবাসী শ্রমিকদের অসুস্থতার ছুটি বাধ্যতামূলক
ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য অসুস্থতা ও বিশেষ ছুটি বীমা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। নতুন এই সিদ্ধান্ত ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং এটি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই বীমার আওতায় কর্মীরা অসুস্থতার কারণে বছরে সর্বোচ্চ ১৮২ দিন পর্যন্ত ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে অষ্টম থেকে ২১তম দিন পর্যন্ত ১০০ শতাংশ, ২২তম থেকে ৩৫তম দিন পর্যন্ত ৭৫ শতাংশ, ৩৬তম থেকে ৭০তম দিন পর্যন্ত ৫০ শতাংশ এবং ৭১তম থেকে ১৮২তম দিন পর্যন্ত ৩৫ শতাংশ বেতন প্রদান করা হবে। এছাড়া বিয়ে, নিকটাত্মীয়ের মৃত্যু বা চিকিৎসার জন্য আত্মীয়দের সাথে সময় কাটানোর মতো নির্ধারিত বিশেষ ছুটিও এই বীমা ব্যবস্থার আওতায় থাকবে। ওমানের প্রশাসনিক সংস্থা, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং শ্রম আইনের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব বিদেশি কর্মী এই বীমা সুবিধার আওতায় আসবেন।
কুয়েত
কুয়েতে খোলা জায়গায় কাজে নিষেধাজ্ঞা
কুয়েতে দুপুরের গরমে শ্রমিকদের কাজ করানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। শ্রমিকদের কাজ করাতে দেখলে অভিযোগ জানাতে বলা হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ। এই সময়ে নির্মাণসহ উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজ করানো আইন লঙ্ঘনের শামিল হবে। অভিযোগ পেলে পরিদর্শক দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে খোলা জায়গায় শ্রমিকদের কাজ করানো নিয়ে ২৫টি অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬৭টি নোটিশ দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো শুধরে নিতে পারে।
logo-1-1740906910.png)