কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযান জোরদার, বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:২৭
কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকাসহ ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে সরকারি অভিযান জোরদার হওয়ায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলেছে, অভিযানের সময় সব প্রবাসীকে তাদের বৈধ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
বুধবার (১৬ জুলাই) দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত সরকার সাম্প্রতিক দুর্ঘটনার পর হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করে সেখানে বসবাসকারী বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, মিশরীয়, নেপালি ও ফিলিপিনো নাগরিকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়। দূতাবাস জানায়, আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি ও এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে।
দূতাবাস আরও জানায়, কুয়েতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভবন খালি করার অভিযান পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও পরিচালিত হতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিদেশি নাগরিকের বৈধ কাগজপত্র রয়েছে, তাদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের নিজ নিজ দেশের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এছাড়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিরা বৈধ অবস্থানের প্রমাণপত্র ছাড়া অন্য কাউকে সেখানে নিয়ে যেতে বা আশ্রয় দেওয়ার সুযোগ পাবেন না বলেও জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশিকে আতঙ্কিত না হয়ে আইন মেনে চলার পাশাপাশি সব সময় সিভিল আইডি ও অন্যান্য বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
logo-1-1740906910.png)