প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানোর আশ্বাস দিলেন বিমানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৬
প্রবাসীদের বিমান টিকিটের দাম কমানো এবং দেশে ফিরে যাতে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুবিধা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
১৬ জুলাই বিকেলে মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান পরিবহন ও পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম ফিরিয়ে আনতে কাজ চলছে।
তিনি বলেন, “আমরা চাই, প্রবাসীরা যেন কম খরচে দেশে আসতে পারেন এবং বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন। এ জন্য টিকিটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানকে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।”
মন্ত্রী আরো বলেন, “গত ১৭ বছরে মানিকগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নতমানের মন্দির নেই, সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত শ্মশানও নেই।” তিনি ঘোষণা দেন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি দৃষ্টিনন্দন মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণ করা হবে।
রথযাত্রা উপলক্ষে মানিকগঞ্জ আনন্দময়ী কালিবাড়িতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার।
logo-1-1740906910.png)