সৌদির বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট এনরোলমেন্টে গতি ৫ গুণ বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:২৮
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট সেবা আরো দ্রুত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। দূতাবাস জানিয়েছে, গত এক সপ্তাহে নিয়মিত সময়ের তুলনায় প্রায় ৫ গুণ বেশি ই-পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত এনরোলমেন্ট মেশিন ও সরঞ্জাম সংযোজন এবং প্রবাসীদের সহযোগিতার ফলে আগের তুলনায় অনেক বেশি সংখ্যক আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে রিয়াদসহ বিভিন্ন শহরে দূতাবাসের কনস্যুলার ক্যাম্প অব্যাহত থাকবে। কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
দূতাবাস জানায়, ১৭ থেকে ১৯ জুলাই দূতাবাসের কনস্যুলার টিম সাকাকা শহরে অবস্থান করবে। এরপর ২৪ ও ২৫ জুলাই টিমটি আরআর (Arar) এবং ওয়াদি আদ দাওয়াসির শহরে কনস্যুলার সেবা দেবে।
যেসব প্রবাসীর ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট আগামী মাসগুলোতে নির্ধারিত রয়েছে, কিন্তু জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন, তারা রিয়াদে এসে যে কোনো কর্মদিবসে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রতিটি কনস্যুলার ক্যাম্প চলাকালে পর্যাপ্ত সংখ্যক নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
logo-1-1740906910.png)