Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ জুলাই ২০২৬

আমিরাতে ১০ লাখ প্রবাসী পেয়েছেন রেসিডেন্সি পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৯:১১

আমিরাতে ১০ লাখ প্রবাসী পেয়েছেন রেসিডেন্সি পারমিট

বাহরাইন

বাহরাইনের কাঁচাবাজারে পণ্য জালিয়াতি বন্ধে নতুন ঘোষণা

বাহরাইন দেশটির কাঁচাবাজারে জিনিসপত্রের দামের ছাড়ের আগে ও নতুন দাম দুটিই লিখে রাখতে বলেছে। ওয়ারেন্টি মেয়াদে কোনো পণ্য ত্রুটিপূর্ণ হলে তা মেরামত, বদলে দেওয়া বা অর্থ ফেরত দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশও দেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, দোকানে ক্রটিহীন জিনিসপত্র বিক্রি করতে হবে, যাতে কাস্টমার না ঠকে। এছাড়া কাস্টমার পণ্য কেনার আগে তা পরীক্ষা করা, রসিদ ও ওয়ারেন্টি সংরক্ষণ এবং কোনো অফার বা প্রচারণার বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা যাবে। আইন ভঙ্গের ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ ১০ হাজার বাহরাইনি দিনার জরিমানা, কারাদণ্ড, প্রতিষ্ঠান বন্ধ বা বাণিজ্যিক নিবন্ধন বাতিলের মতো শাস্তির বিধান রয়েছে।

সৌদি আরব

সৌদিতে বেড়েছে মুদ্রাস্ফীতি, বেড়েছে প্রবাসীদের খরচ

সৌদিতে বাড়ি ভাড়া বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি বেড়েছে ১.৮ শতাংশ। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, জুন মাসের হিসাবে দেশটিতে বাড়ি ভাড়া বেড়েছে ৪.৪ শতাংশ, যা মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এছাড়া পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতে ব্যয় ৩.৫ শতাংশ বেড়েছে। আর খাবার ও পানীয়র দাম ১.৪ শতাংশ এবং পরিবহন ব্যয় ১.৭ শতাংশ বেড়েছে। তবে পোশাক, আসবাব ও ব্যক্তিগত পণ্যের কিছু ক্ষেত্রে দাম কমেছে। অর্থনীতির হিসাব বলে মুদ্রাস্ফীতি বাড়লে মানুষের প্রকৃত আয় কমে এবং কমে যায় সঞ্চয়। সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ। কারণ বাড়ি ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে মাসিক জীবনযাত্রার খরচ বেড়ে যেতে পারে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ১০ লাখ প্রবাসী পেয়েছেন রেসিডেন্সি পারমিট

আমিরাত সরকার ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০ লাখের বেশি রেসিডেন্সি পারমিট এবং প্রায় ৫০ লাখ এন্ট্রি পারমিট ইস্যু করেছে। একই সময়ে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য দক্ষ পেশাজীবী, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও মেধাবীদের কাছে ৬৬ হাজার গোল্ডেন ভিসা দিয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং দ্রুত ও সহজ প্রক্রিয়ার কারণে ভিসা ও আবাসনসংক্রান্ত সেবার চাহিদা বেড়েছে। শুধু দীর্ঘমেয়াদি বাসিন্দাই নন, পর্যটক ও স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্যও বিপুল সংখ্যক এন্ট্রি পারমিট ইস্যু করা হয়েছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ব্যক্তি, বিনিয়োগকারী ও পরিবারকে আকৃষ্ট করার পাশাপাশি দুবাইকে বসবাস, কাজ ও বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে আরো শক্তিশালী করা হচ্ছে।

ওমান

ওমানের ধোফার গভর্নরেটে দোকানে দোকানে জোরদার অভিযান

ওমানের ধোফার গভর্নরেটে দোকানে দোকানে অভিযান জোরদার করা হয়েছে। গ্রীষ্মের এই সময়ে পর্যটকদের ব্যাপক আগমন ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের অধিকার সুরক্ষা, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইন মেনে চলছে কিনা, তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিদর্শন দল বিভিন্ন বাজার, শপিং সেন্টার, দোকান ও ঐতিহ্যবাহী সুকে নিয়মিত অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ধোফার পৌরসভার সঙ্গে যৌথভাবে নারিকেল ও ফলের দোকান এবং গাড়ি ভাড়া প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হচ্ছে। অভিযানে পণ্যের মান, মূল্য তালিকা, মূল্য ছাড়ের অফার এবং ভোক্তা সুরক্ষা আইন মেনে চলা হচ্ছে কিনা, তা যাচাই করা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। ফলে সতর্ক থাকতে হবে দেশটিতে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। 

কুয়েত

কুয়েতে চালু হয়েছে ১৫ বছর মেয়াদি গোল্ডেন কার্ড

কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে ১৫ বছরের গোল্ডেন রেসিডেন্সি কর্মসূচি চালু করেছে। নতুন এই দীর্ঘমেয়াদি আবাসন ব্যবস্থার আওতায় প্রথম গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম এ ইউসুফ আলী। প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ তার হাতে এই রেসিডেন্সি তুলে দেন। সরকার জানিয়েছে, এই কর্মসূচির লক্ষ্য উচ্চমানের বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কুয়েতের বিনিয়োগ পরিবেশ আরো শক্তিশালী করা এবং দেশটিকে আঞ্চলিক ব্যবসা ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। গোল্ডেন রেসিডেন্সির আওতায় যোগ্য বিদেশি বিনিয়োগকারী, অনুমোদিত অংশীদার, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এবং তাদের স্বামী বা স্ত্রী, সন্তান ও বাবা-মা সর্বোচ্চ ১৫ বছরের আবাসনের সুযোগ পাবেন। এই সুবিধা পেতে আবেদনকারীর পরিচ্ছন্ন অপরাধমূলক রেকর্ড, কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট এবং কুয়েত ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অথরিটি (KDIPA) অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ন্যূনতম ৫০ লাখ কুয়েতি দিনার বিনিয়োগ, ১০ লাখ কুয়েতি দিনার পরিশোধিত মূলধন এবং কুয়েতাইজেশন নীতি মেনে চলার শর্তও রয়েছে।

Logo