বাংলাদেশে জার্মান অ্যাম্বাসিতে ভিসা আবেদনের ৬টি ধাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৫
বাংলাদেশস্থ জার্মান অ্যাম্বাসি তাদের ভিসা আবেদনকারীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। দূতাবাস জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারে আসার আগে আবেদনকারীরা যেন সঠিকভাবে প্রস্তুত হতে পারেন, সে জন্য তারা ছয় ধাপের নির্দেশনা প্রকাশ করেছে। এতে রয়েছে চেকলিস্ট অনুসরণ থেকে শুরু করে সাক্ষাৎকারের সময়কার নিয়মাবলি পর্যন্ত বিস্তারিত পরামর্শ।
প্রথম ধাপে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া চেকলিস্ট অনুসরণ করতে হবে। প্রতিটি ভিসার ধরন অনুযায়ী আলাদা চেকলিস্ট রয়েছে। আবেদনকারীদের মূল কাগজপত্রের পাশাপাশি এ৪ সাইজের ফটোকপি সঙ্গে আনতে হবে।
দ্বিতীয় ধাপে উল্লেখ করা হয়েছে সাধারণ ভুলগুলো। অনেকেই ইমেইল কনফার্মেশনের প্রিন্ট কপি আনতে ভুলে যান, অথচ নিরাপত্তা টিমের জন্য এটি অপরিহার্য। ছবি আকারেও ভুল হয়—৩৫x৪৫ মিমি সাদা ব্যাকগ্রাউন্ডে ৭০%-৮০% মুখ দৃশ্যমান থাকতে হবে। এছাড়া প্রসেসিং ফি প্রদানের জন্য নগদ অর্থ আনতে হবে। কারণ কার্ড বা অনলাইন পেমেন্ট গ্রহণ করা হয় না।
তৃতীয় ধাপে বলা হয়েছে সঠিক প্রবেশপথ ব্যবহার করতে হবে। দূতাবাসে দুটি গেট রয়েছে— একটি স্টাফদের জন্য, অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য। গুলশান-২ সার্কেল থেকে আসলে দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতে হবে। নিরাপত্তা কর্মীরা সব সময় আবেদনকারীদের সহায়তা করবেন।
চতুর্থ ধাপে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হয়েছে। প্রবেশের সময় পাসপোর্ট ও ইমেইল কনফার্মেশনের প্রিন্ট কপি দেখাতে হবে। মোবাইল ফোন, ল্যাপটপ, প্রসাধনীসহ নিষিদ্ধ জিনিসপত্র লকারে জমা রাখতে হবে। এরপর বাকি জিনিসপত্র স্ক্যান করা হবে এবং আবেদনকারীকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে। সব ঠিক থাকলে অপেক্ষা কক্ষে প্রবেশ করা যাবে।
পঞ্চম ধাপে অপেক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফ্রাঙ্কো-জার্মান অ্যাম্বাসি ভবনে ফ্রান্স ও জার্মানির ভিসা আবেদনকারীরা একই কক্ষে অপেক্ষা করেন। সেখানে চেয়ার, পানির ব্যবস্থা ও টয়লেট রয়েছে। সাধারণত আধা ঘণ্টার কম সময়েই আবেদনকারীদের নাম ডাকা হয়।
ষষ্ঠ ও শেষ ধাপে কাউন্টারে সাক্ষাৎকারের নিয়ম জানানো হয়েছে। ভিসা অফিসার আবেদনকারীর কাগজপত্র একে একে চাইবেন। কোনো ভুয়া বা জাল কাগজপত্র জমা দিলে শাস্তি হতে পারে। যদি প্রসেসিং ফি প্রয়োজন হয়, তখনই নগদ অর্থ জমা দিতে হবে।
জার্মান অ্যাম্বাসির এই ছয় ধাপের নির্দেশনা ভিসা আবেদনকারীদের জন্য প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করেছে। আবেদনকারীরা যদি নিয়মগুলো মেনে চলেন, তবে তাদের ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা হবে ঝামেলাহীন ও স্বাচ্ছন্দ্যময়।
logo-1-1740906910.png)