Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ জুলাই ২০২৬

কুয়েতে ৩২৫ জনের ঠিকানা বাতিল, এক মাস সময় দিল কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৬:১৩

কুয়েতে ৩২৫ জনের ঠিকানা বাতিল, এক মাস সময় দিল কর্তৃপক্ষ

বাহরাইন

বাহরাইনে ফুড ডেলিভারি অ্যাপের ফি নিয়ে আলোচনা দেশটির সংসদে

বাহরাইনে ফুড ডেলিভারি অ্যাপগুলোর অতিরিক্ত ডেলিভারি চার্জ ও রেস্তোরাঁগুলোর কাছ থেকে নেওয়া উচ্চ কমিশন নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্য জালাল কাধেম। তিনি বলেছেন, দ্রুত বৃদ্ধি পাওয়া এই খাতে এখনই স্পষ্ট নীতিমালা প্রয়োজন; যাতে গ্রাহক, রেস্তোরাঁ এবং ডেলিভারি কোম্পানির মধ্যে ন্যায্য ভারসাম্য বজায় থাকে। জালাল কাধেমের মতে, অনলাইনভিত্তিক খাবার সরবরাহ সেবার ব্যাপক বিস্তার ঘটলেও সেই অনুযায়ী আইন ও নিয়মকানুন গড়ে ওঠেনি। ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকদের বেশি ডেলিভারি চার্জ দিতে হচ্ছে এবং রেস্তোরাঁগুলোকে উচ্চ হারে কমিশন দিতে বাধ্য হতে হচ্ছে। এতে বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইতোমধ্যে ডেলিভারি চার্জ ও রেস্তোরাঁ থেকে নেওয়া কমিশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। বাহরাইনও সেসব দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করে দেশের জন্য উপযুক্ত নিয়ম চালু করতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফুড ডেলিভারির কাজ করেন প্রবাসী বাংলাদেশিরা। ডেলিভারি অ্যাপের যে কোনো পরিবর্তন তাদের কাজে নানামুখী প্রভাব পড়তে পারে বলে মনে করেন প্রবাসীরা। 

সৌদি আরব

সৌদি আরব বাতিল করল রিক্রুটিং এজেন্সির লাইসেন্স

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রম আইন ও নিয়োগবিধি লঙ্ঘনের অভিযোগে ৫টি রিক্রুটমেন্ট অফিসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে আরো ৭টি রিক্রুটমেন্ট অফিসের লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, চুক্তির শর্ত ভঙ্গ, সেবায় অবহেলা এবং শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে যেসব প্রতিষ্ঠান নিয়ম মানতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যেসব অফিসের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তারা অনিয়ম সংশোধন করে নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত সেবা দিতে পারবে না। আর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে, তারা সৌদি আরবে আর রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এদিকে,মন্ত্রণালয় বলেছে, নিয়োগ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের অধিকার রক্ষা করা এবং সেবার মান উন্নত করতেই নিয়মিত তদারকি ও পরিদর্শন চালানো হচ্ছে। ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারী যে কোনো রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নাগরিক ও প্রবাসীদের কোনো রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নির্ধারিত সেবার মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বিনিয়োগ জালিয়াতি চক্র নিয়ে সতর্ক করল পুলিশ

সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ও নিশ্চিত লাভের প্রলোভন দেখিয়ে পরিচালিত বিনিয়োগ প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রতারণা দিন দিন বাড়ছে এবং অনেকেই এর ফাঁদে পড়ে অর্থ হারাচ্ছেন। জনগণকে সচেতন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিনিয়োগ প্রতারণার ৫টি প্রধান লক্ষণ তুলে ধরেছে। প্রথমত, খুব অল্প সময়ে অস্বাভাবিক বেশি লাভের নিশ্চয়তা দেওয়া। দ্বিতীয়ত, যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে দ্রুত টাকা বিনিয়োগের জন্য চাপ সৃষ্টি করা। তৃতীয়ত, বিনিয়োগের প্রকৃত ধরন বা কীভাবে লাভ হবে সে বিষয়ে স্বচ্ছ তথ্য না দেওয়া। চতুর্থ, ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য চাওয়া। আর সবশেষ, সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স, আইনগত অবস্থান বা অফিসের ঠিকানা সহজে যাচাই করা না যাওয়া। মন্ত্রণালয় জানিয়েছে, কিছু প্রতারক শুরুতে অল্প পরিমাণ লাভ দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। পরে আরো বেশি টাকা বিনিয়োগে উৎসাহিত করে। একসময় তারা যোগাযোগ বন্ধ করে দেয়, টাকা উত্তোলনের সুযোগও বন্ধ হয়ে যায় এবং বিনিয়োগকারীরা পুরো অর্থ হারান। কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, বিনিয়োগের আগে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং শুধুমাত্র অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গেই লেনদেন করতে হবে। 

কাতার

কাতারে শুরু হয়েছে চার দিনের রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির ফাদার শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা যান। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কাতার বিশ্বের অন্যতম শীর্ষ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয় এবং অবকাঠামো, অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটে। শেখ হামাদের মৃত্যুর পর কাতারেও চার দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকারি অফিস, মন্ত্রণালয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, কাতারের ফাদার আমিরের প্রতি সম্মান জানাতে এবং কাতারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতেই এই চার দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। 

কুয়েত

কুয়েতে ৩২৫ জনের ঠিকানা বাতিল, এক মাস সময় দিল কর্তৃপক্ষ

কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন। পিএসিআই তাদের রেকর্ড থেকে ৩২৫ জন ব্যক্তির আবাসিক ঠিকানা বাতিল করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন বাড়ির মালিকের অনুরোধ অথবা সংশ্লিষ্ট ভবন ভেঙে ফেলার কারণে। যাদের ঠিকানা বাতিল করা হয়েছে, তাদের আগামী ৩০ দিনের মধ্যে নতুন আবাসিক ঠিকানা নিবন্ধন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যেতে হবে অথবা সাহেল অ্যাপের মাধ্যমে তথ্য আপডেট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকানা আপডেট না করলে কুয়েতের আইন অনুযায়ী জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার পর্যন্ত হতে পারে। তাই যাদের আবাসিক ঠিকানা বাতিলের তালিকায় রয়েছে, তারা দেরি না করে দ্রুত নিজেদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

ওমান

ওমানে চুরি-জালিয়াতি, দুই আরব প্রবাসী আটক

ওমানে চুরি ও নাশকতার অভিযোগে দুই আরব প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোফার গভর্নরেটের পুলিশ কমান্ডের সহযোগিতায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, অভিযুক্তরা একটি চুরি ও অবৈধ কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। রয়্যাল ওমান পুলিশ বলছ, অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে

Logo