বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৩:১৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের জন্য চালু হলো সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার।
বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিকভাবে বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে। এর ফলে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে পৌঁছাতে পারবেন।
এই সেবাটি বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে যুগোপযোগী উদ্যোগ নিচ্ছে। তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে ধারণ করে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)