সৌদি আরব তাদের ২০২৬ সালের হালনাগাদ ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছে। নতুন এই ডিজিটাল ভিসা ব্যবস্থায় বিশ্বের ৬৬টি দেশের নাগরিকরা অনলাইনে আবেদন করে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। তবে এ তালিকায় নেই বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ। বাদ পড়েছে ইন্দোনেশিয়া, মিসরসহ আরো কিছু মুসলিমপ্রধান দেশ।
সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ই-ভিসা ব্যবস্থায় আন্তর্জাতিক পর্যটকরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। ভিসাটি মূলত অবকাশ যাপন, পরিবার পরিদর্শন ও ওমরাহর জন্য প্রযোজ্য হবে। তবে হজ ও পড়াশোনার জন্য এই ভিসা ব্যবহার করা যাবে না।
নতুন ই-ভিসা প্ল্যাটফর্মে আবেদনকারীরা কয়েকটি সহজ ধাপেই ভিসা পেতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও সরাসরি ফি পরিশোধের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে প্রচলিত জটিল ভিসা প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে।
সৌদি আরবের এই উদ্যোগ আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছে। পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে সৌদি আরবকে আরো আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে তুলে ধরা হচ্ছে। বিশেষ করে পরিবার ভিজিট ও ওমরাহ পালনকারীদের জন্য এটি হবে বড় সুবিধা।
যদিও ই-ভিসা ব্যবস্থায় অনেক সুবিধা দেওয়া হয়েছে, তবে হজ পালন ও শিক্ষার উদ্দেশ্যে এটি ব্যবহার করা যাবে না। এসব ক্ষেত্রে আলাদা ভিসা প্রক্রিয়া বজায় থাকবে।
logo-1-1740906910.png)