আমিরাতে ঘুরতে যাওয়ার আগে ঘরবাড়ি সুরক্ষিত করার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৫:১৫
গ্রীষ্মকালীন ছুটিতে বাড়ি ছেড়ে ভ্রমণে যাওয়ার আগে বাসা নিরাপদ রাখতে বাসিন্দাদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবুধাবি সিভিল ডিফেন্স ও আবুধাবি পুলিশ। কর্তৃপক্ষ বলেছে, গ্রীষ্মের এই ছুটির সময়ে অনেক বাসিন্দা দূর-দূরান্তে বেড়াতে যাচ্ছেন। অনেক সময় অনেক ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে উদাসীন থাকছেন। অথচ সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলে অগ্নিকাণ্ড, চুরি এবং অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
ভ্রমণে যাওয়ার আগে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা, গ্যাসের মূল সংযোগ বন্ধ করা, স্মোক অ্যালার্ম ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করা এবং দরজা-জানালা ভালোভাবে তালাবদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাড়িতে নিরাপত্তা ক্যামেরা থাকলে তা চালু রাখা, মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা এবং দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকলে বিশ্বস্ত কোনো আত্মীয় বা প্রতিবেশীকে বাড়ির খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের পরিকল্পনা বা দীর্ঘদিন বাড়িতে না থাকার তথ্য প্রকাশ না করতেও সতর্ক করেছে পুলিশ। কর্তৃপক্ষের মতে, এসব সহজ পদক্ষেপ অনুসরণ করলে পরিবার নিশ্চিন্তে ছুটি কাটাতে পারবে এবং তাদের বাসাবাড়িও নিরাপদ থাকবে।
logo-1-1740906910.png)