Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ জুলাই ২০২৬

বাহরাইনে বিমানবন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৫:০৮

বাহরাইনে বিমানবন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

বাহরাইন

বাহরাইনে বিমানবন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ফিকে হয়ে আসার পর বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২২ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে ২০২৬ পর্যন্ত বিমানবন্দরটি দিয়ে মোট ২২ লাখ ২ হাজার ৩৭৫ জন যাত্রী ভ্রমণ করেছেন। এর মধ্যে জানুয়ারি মাসে সবচেয়ে বেশি প্রায় ৯ লাখ ৩৩ হাজার যাত্রী যাতায়াত করেন। তবে মার্চ মাসে ইরানের হামলার পর আকাশপথে চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় ওই মাসে যাত্রী ও বিমান চলাচলের সংখ্যা শূন্যে নেমে আসে। এপ্রিলে সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ার পর মে মাসে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয় এবং প্রায় ৪ লাখ ৮৭ হাজার যাত্রী বিমানবন্দর ব্যবহার করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির প্রভাব কাটিয়ে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে এবং যাত্রী সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে। ফলে ফিরে এসেছে পৃথিবীর অন্যতম সুন্দর এই বিমানবন্দরটির চিরচেনা কর্মচাঞ্চল্য।

সৌদি আরব

সৌদির ভিসা সহজ করতে প্যাকেজ ভিসা পাইলট চালু

সৌদি সরকার দেশটিতে ভ্রমণে আগ্রহীদের জন্য ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি পাইলট প্রকল্প পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে। এই ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন, বিমান টিকিট, হোটেল বুকিং, পরিবহন এবং প্রয়োজনীয় অন্যান্য ভ্রমণসেবা একসঙ্গে একটি প্যাকেজ হিসেবে নেওয়া যাবে। এর ফলে আলাদাভাবে বিভিন্ন সেবা নেওয়ার ঝামেলা কমবে এবং পুরো ভ্রমণ পরিকল্পনা আরো সহজ ও দ্রুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সৌদির পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো ভ্রমণকারীদের জন্য আরো সুবিধাজনক ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা। সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা। পরীক্ষামূলক এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে এটি আরো বেশি দেশ ও ট্রাভেল সেবাদাতার মাধ্যমে সম্প্রসারণ করা হবে। কারণ সৌদি তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটনসহ অন্যান্য উৎসের দিকে মনোযোগী হচ্ছে। 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে শ্রমিকদের চাকরির শর্ত পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

আমিরাতে কোনো মালিক কর্মী বা শ্রমিকের লিখিত সম্মতি ছাড়া চাকরির চুক্তির শর্ত পরিবর্তন করতে পারবেন না বলে স্পষ্ট করেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকের ন্যূনতম আইনগত অধিকার হ্রাস করে, মালিকের এমন যে কোনো পরিবর্তন বাতিল বলে গণ্য হবে। তাছাড়া কর্মী আর শ্রমিকের বেতন, পদবি, কাজের ধরন, কর্মস্থল বা চুক্তির অন্য কোনো গুরুত্বপূর্ণ শর্ত পরিবর্তন করতে হলে অবশ্যই কর্মীর লিখিত সম্মতি নিতে হবে। কর্মীর সম্মতি ছাড়া এসব পরিবর্তন করা দেশটির শ্রম আইনের পরিপন্থি। মন্ত্রণালয় জানিয়েছে, চাকরির চুক্তির বিবরণ পরিবর্তনের অনুরোধ শুধু তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেই জমা দিতে হবে। মন্ত্রণালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ও অনুমোদিত নয় এমন কোনো সংশোধনের কোনো আইনি কার্যকারিতা থাকবে না। কোনো কর্মী যদি এ ধরনের সমস্যার মুখোমুখি হন, তাহলে তিনি মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন। 

 কুয়েত

মাদককাণ্ডে কুয়েত থেকে চার প্রবাসী বহিষ্কার

কুয়েতে মাদক ও মদ-সংক্রান্ত অপরাধে আটক চার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর এবং ভবিষ্যতে কুয়েতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে চারজন প্রবাসীকে আটক করে, যাদের কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি মদ ও গাঁজা উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, তারা মাদক ও মদ গ্রহণ করতেন, তবে পাচারের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ মেলেনি। তাই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করে সরাসরি প্রশাসনিকভাবে ডিপোর্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নাম কুয়েতের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হবে, ফলে ভবিষ্যতে তারা আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি মাদক বিক্রি বা পাচারের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাকে আদালতে বিচারের মুখোমুখি হতে হবে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে।

ওমান

ওমানে দুর্ধর্ষ চুরির চেষ্টা, চার এশীয় আটক

ওমানের রাজধানী মাসকাটের মুতরাহ এলাকায় দুর্ধর্ষ কায়দায় স্বর্ণের দোকানের চুরির চেষ্টা হয়েছে। অনেকটা যেন সিঁদ কেটে দোকানে ঢোকার চেষ্টার মতো। স্বর্ণের দোকানটিতে চুরির চেষ্টা করার অভিযোগে চার এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দোকানে প্রবেশের জন্য একটি দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং স্বর্ণালংকার চুরি করার পরিকল্পনা করেছিল। ঘটনার পর মাসকাট গভর্নরেট পুলিশ, উত্তর আল বাতিনাহ ও ধোফার পুলিশ কমান্ডের যৌথ তদন্ত ও অভিযানে চারজনকে আটক করা হয়। এশীয় বলা হলেও তারা কোন দেশের নাগরিক তা বলা হয়নি। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশজুড়ে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo