পাহাড়ধসে রোহিঙ্গা শিবিরে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:৩৪
কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজন রোহিঙ্গা। রোববার রাত ১টা থেকে ৩টার মধ্যে উখিয়া ও বালুখালী শিবিরে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনা ঘটে রাত সোয়া ১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পে। পাহাড়ধসে মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘর চাপা পড়ে তিনি, তার স্ত্রী হুমায়রা বেগম ও ছেলে মোহাম্মদ আনাস মারা যান। একই রাতে ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় একরাম নামে এক শিশুর মৃত্যু হয়।
রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকে পাহাড়ধসে আরো চারজন প্রাণ হারান। নিহতরা হলেন উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।
এদিকে ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামে একজনের মৃত্যু হয়। একই পরিবারের আরো তিনজন চাপা পড়লেও স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
logo-1-1740906910.png)