Logo
×

Follow Us

বাংলাদেশ

চার মাস পর সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৭:৩২

চার মাস পর সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

চার মাসের বিরতির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার চালু করেছে সিলেট-ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট। ৫ জুলাই দুপুর ১২টা ৪ মিনিটে ২৭২ যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইট (বিজি-২০৮) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের ভ্রমণ সহজ করতে এবং সময় ও খরচ কমাতে সরকার এই রুট পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। তিনি আশ্বাস দেন, ম্যানচেস্টার রুট আর বন্ধ হবে না। নিয়মিত সেবা নিশ্চিত করতে বিমান অতিরিক্ত উড়োজাহাজ ভাড়া করছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, সিলেটকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। তিনি বলেন, শুধু যাত্রী পরিবহন নয়, পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে সিলেট-গৌহাটি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনাও রয়েছে।

বিমানের সিলেট অফিসের ম্যানেজার মো. শরিফুল আলম নিশ্চিত করেছেন, সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট চলবে। প্রতি রোববার ও মঙ্গলবার সিলেট থেকে ম্যানচেস্টার যাবে ফ্লাইট, আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে ফিরবে।

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, উত্তর ইংল্যান্ডে বসবাসরত প্রবাসীরা এই ফ্লাইট চালু হওয়ায় অত্যন্ত আনন্দিত। তিনি জানান, প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই এই রুট পুনরায় চালু হয়েছে।

ফ্লাইট স্থগিত হওয়ার পর যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছিল। তারা আশঙ্কা করেছিলেন, রুটটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে প্রবাসী নেতাদের সমন্বিত প্রচারণা এই রুট পুনরায় চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জানুয়ারি থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি এখনো একমাত্র এয়ারলাইন্স, যা এই রুটে সরাসরি সেবা দিচ্ছে।

Logo