কুয়েতে অবৈধ উপায়ে নারী গৃহকর্মী প্রেরণ, দূতাবাসের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪৩
কুয়েতে নারী গৃহকর্মী প্রেরণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক না থাকায় সরকারিভাবে নারী গৃহকর্মী পাঠানো আপাতত বন্ধ রয়েছে। অথচ একটি দালাল চক্র বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধভাবে নারী গৃহকর্মীদের কুয়েতে পাঠাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই চক্রটি কুয়েতের গৃহকর্মী ভিসার প্রচার চালাচ্ছে। এমনকি ৪৫ বছর পর্যন্ত বয়সী নারীদেরও ভিসা দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এই চক্রের অন্যতম হোতা মনজু নামে এক ব্যক্তি, যিনি আগে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন। দেশে ফিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা কাজে লাগিয়ে দালাল সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হন এবং ভিসা বিক্রির ব্যবসা শুরু করেন।
মনজুর অফিস থেকে কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইনসহ বিভিন্ন দেশের ভিসা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংবাদকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে, গত ২ জুলাই কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নারী গৃহকর্মী প্রেরণ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন মাসে সাতজন নারী গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি না হওয়া পর্যন্ত কোনো নারী যেন গৃহকর্মী হিসেবে কুয়েতে না যান। একই সঙ্গে অসাধু দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা প্রতিরোধে সবার সচেতনতা জরুরি। অসাধু চক্রের কোনো তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস অথবা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
logo-1-1740906910.png)