মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ জুলাই ২০২৬
বাহরাইনের পথে পথে পার্কিং মিটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২২:৩৮
বাহরাইন
বাহরাইনের পথে পথে পার্কিং মিটার
বাহরাইনে ডিপ্লোম্যাটিক এলাকায় ট্রাফিক বিভাগের সমন্বয়ে ৪২টি নতুন পার্কিং মিটার চালু করা হয়েছে। পার্কিং ব্যবস্থা আরো আধুনিক ও সুশৃঙ্খল করতে দেশটির জনপথ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পার্কিং স্পেসের সঠিক ব্যবহার নিশ্চিত করা, যানজট কমানো এবং এলাকায় যান চলাচল আরো স্বাভাবিক রাখা। ডিপ্লোম্যাটিক এলাকায় মোট ৫৪৬টি পার্কিং স্পেস এখন এই নতুন ব্যবস্থার আওতায় আরো কার্যকরভাবে পরিচালিত হবে, ফলে দর্শনার্থী ও প্রতিদিনের ব্যবহারকারীরা সহজে খালি পার্কিং খুঁজে পাবেন। নতুন পার্কিং মিটারগুলোতে ক্রেডিট কার্ড, অ্যাপল পে এবং নগদ অর্থে পার্কিং ফি পরিশোধের সুবিধা রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত ও ঝামেলামুক্তভাবে অর্থ পরিশোধ করতে পারেন। একই সঙ্গে কর্তৃপক্ষ গাড়িচালকদের নির্ধারিত পার্কিং সময়সীমা, নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। তাদের মতে, সবাই নিয়ম মেনে চললে পার্কিং স্পেস আরো বেশি মানুষের জন্য সহজলভ্য হবে এবং পুরো এলাকায় যান চলাচলের গতি বাড়বে। জনপথ মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ বাহরাইনজুড়ে পার্কিং সেবার মান উন্নয়ন, পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য আরো আধুনিক ও মানসম্মত সড়কসেবা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনারই একটি অংশ।
সৌদি আরব
সৌদিতে ইঞ্জিনিয়ারিং খাতে সৌদিকরণ কার্যকর
সৌদি আরবে বেসরকারি খাতের ৪৬টি ইঞ্জিনিয়ারিং পেশায় সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রকৌশল পেশায় এখন থেকে অন্তত ৩০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে। এই নিয়ম পাঁচ বা তার বেশি প্রকৌশলী কর্মরত আছেন এমন সব বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তালিকায় স্থাপত্য, বিদ্যুৎ উৎপাদন, শিল্প, ইলেকট্রনিকস, অটোমোটিভ, মেরিন ও অ্যারোস্পেসসহ মোট ৪৬টি প্রকৌশল পেশা রয়েছে এবং এসব পদে কাজ করতে হলে সৌদি কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্সের পেশাগত স্বীকৃতি থাকতে হবে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পৌর ও আবাসন মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ম মানা হচ্ছে কিনা, তা তদারকি শুরু করেছে। নির্ধারিত সময়ের পরও যারা এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সৌদি সরকার জানিয়েছে, দেশীয় দক্ষ প্রকৌশলীদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, বেসরকারি খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং শ্রমবাজারকে দেশের ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে
কুয়েত
কুয়েতে দোকানে দোকানে অভিযান, বন্ধ বেশ কয়েকটি
কুয়েতের আহমাদি গভর্নরেটে ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এই যৌথ অভিযানে বিভিন্ন দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যবসা কেন্দ্রে ব্যাপক তল্লাশি চালানো হয়।গুরুতর অনিয়ম ও নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়ায় আটটি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পরিদর্শনের সময় মোট ৪৬টি আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে, যার মধ্যে ছিল ভোক্তা সুরক্ষা আইন না মানা, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়িক শর্ত ভঙ্গ করা। পাশাপাশি আরো দুটি আলাদা নোটিশ জারি করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এসব দোকানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে জরিমানাসহ আরো কঠোর শাস্তির প্রক্রিয়া নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে ন্যায্য ব্যবসা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সুরক্ষা করা এবং ব্যবসায়িক পরিবেশকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। তারা আরো জানায়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং কোনো ধরনের অনিয়মকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ওমান
ওমানের নিজওয়াতে পেঁপে বাগান, বিপুল ফলনের আশা
ওমানের নিজওয়া এলাকায় একটি কৃষি প্রকল্পের অংশ হিসেবে ৯ হাজার পেঁপে গাছ রোপণ করা হয়েছে। এই কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নেওয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাজারে সারা বছর ধরে তাজা পেঁপে সরবরাহ নিশ্চিত করা হবে এবং আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করা হচ্ছে। আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে নির্দিষ্ট জমিতে উচ্চ ঘনত্বে এই গাছগুলো রোপণ করা হয়েছে, যাতে কম জায়গায় বেশি উৎপাদন পাওয়া যায়। নিয়মিত সেচ, সার ব্যবস্থাপনা এবং কৃষি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে, যাতে ফলনের মান ও পরিমাণ দুই-ই ভালো থাকে। এই উদ্যোগ শুধু খাদ্য উৎপাদনই বাড়াবে না, বরং স্থানীয় কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করবে এবং ওমানের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা পরিকল্পনাকে আরো শক্তিশালী করবে।
logo-1-1740906910.png)