Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ জুলাই ২০২৬

বাহরাইনে রেস্টুরেন্টে অভিযান জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:৩৪

বাহরাইনে রেস্টুরেন্টে অভিযান জোরদার

বাহরাইন

বাহরাইনে রেস্টুরেন্টে অভিযান জোরদার 

বাহরাইনে তীব্র গরমের কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনজুড়ে রেস্তোরাঁ, বেকারি, ক্যাফেটেরিয়া ও কোল্ড স্টোরে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রীষ্মের উচ্চ তাপমাত্রায় খাবার নষ্ট হওয়া ও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় পরিদর্শন আরো কঠোর করা হয়েছে। অভিযানে অনেক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অপরিচ্ছন্ন পরিবেশ, পোকামাকড়ের উপদ্রব, ড্রেনেজ সমস্যা, সরাসরি রোদে পানির বোতল সংরক্ষণ এবং পুরোনো ও নতুন খাদ্যপণ্য একসঙ্গে মজুত করার মতো নানা অনিয়ম ধরা পড়েছে।

এছাড়া কিছু প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া ওষুধ বিক্রি এবং পণ্যের দামে অসঙ্গতির অভিযোগও পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এলোমেলোভাবে নয়, ঝুঁকির মাত্রা বিবেচনা করে পরিদর্শন চালানো হচ্ছে এবং বিশেষভাবে শর্মার দোকান, বেকারি ও ক্যাটারিং ব্যবসার ওপর নজর রাখা হচ্ছে। খাদ্য সংক্রান্ত অভিযোগ সরকারি তাওয়াসুল সিস্টেম, হটলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।

তবে সব অসুস্থতার ঘটনা যে খাদ্যে বিষক্রিয়ার কারণে হয়, তা নয়।অনেক ক্ষেত্রে অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্যগত কারণও থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরো সতর্ক করা হয়েছে, একই ধরনের অনিয়ম বারবার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গুরুতর ক্ষেত্রে বিষয়টি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হবে। ফলে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। 


সৌদি আরব

সৌদিতে বেড়েছে এলপিজি সিলিন্ডার ও ট্যাংকের খরচ 

সৌদিতে এলপিজি গ্যাস রিফিলের নতুন দাম ঘোষণা করা হয়েছে। তাতে বেড়েছে সিলিন্ডার ও ট্যাংকের দাম। দেশটির ন্যাশনাল গ্যাস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোম্পানি গ্যাসকো জানিয়েছে, ভ্যাট ও পরিবহন খরচসহ ১১ কেজির গ্যাস সিলিন্ডার রিফিল করতে এখন খরচ হবে ৩৭ সৌদি রিয়াল।

আর ৫ কেজির সিলিন্ডার রিফিলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৮২ রিয়াল। এছাড়া কেন্দ্রীয় গ্যাস ট্যাংক রিফিলের দামও বাড়ানো হয়েছে। নতুন হিসাবে প্রতি লিটার গ্যাসের জন্য গ্রাহককে দিতে হবে ১ দশমিক ৬৯ রিয়াল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবজুড়ে এলপিজির অভিন্ন মূল্য চালু করেছিল গ্যাসকো।

তখন ১১ কেজির সিলিন্ডার রিফিলের দাম ছিল ২৬ দশমিক ২৩ রিয়াল এবং ৫ কেজির সিলিন্ডারের দাম ছিল ১১ দশমিক ৯৩ রিয়াল। কেন্দ্রীয় গ্যাস ট্যাংক রিফিলের মূল্য ছিল প্রতি লিটার ১ দশমিক ১৭৭ রিয়াল। নতুন এ মূল্য বুধবার (১ জুলাই) থেকে সারাদেশে কার্যকর হয়েছে। ফলে গ্যাস সিলিন্ডারের পেছনে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি মাসিক খরচ খানিকটা বেড়ে যাবে। 


কুয়েত

কুয়েতে স্বাস্থ্যসেবা খাতে অভিযান, বন্ধ হলো ক্লিনিক 

গুরুতর অনিয়মের অভিযোগে কুয়েতে সাতটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী ড. আহমদ আল-আওয়াধির নির্দেশে পরিচালিত যৌথ পরিদর্শন অভিযানে একটি মেডিকেল সেন্টার, একটি ক্লিনিক, কয়েকটি ফিজিওথেরাপি সেন্টার এবং হোম হেলথ কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীন চিকিৎসা কার্যক্রম, অনুমোদন ছাড়া বোটক্স ও অন্যান্য চিকিৎসা-প্রসাধনী উপকরণ ব্যবহার, অযোগ্য ব্যক্তিদের দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এছাড়া একটি মেডিকেল সেন্টারের বিরুদ্ধে আরো তদন্তের জন্য বিষয়টি মেডিকেল লাইয়াবিলিটি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বেসরকারি স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর পরিদর্শন অভিযান চলবে। একই সঙ্গে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইন, লাইসেন্স ও পেশাগত মানদণ্ড কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।


সংযুক্ত আরব আমিরাত

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকার পাঁচটিই আমিরাতে 

নুমবিওর মধ্যবর্ষ ২০২৬ নিরাপত্তা সূচকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঁচটি শহর স্থান পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, আজমানকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে আবুধাবি দ্বিতীয়, রাস আল খাইমাহ তৃতীয় এবং শারজাহ চতুর্থ স্থানে রয়েছে।

এছাড়া দুবাইও শীর্ষ তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। এই র‌্যাঙ্কিং মূলত নাগরিকদের নিরাপত্তা অনুভূতি, অপরাধের হার, পুলিশিং ব্যবস্থা, জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং কমিউনিটিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কারণে ইউএই শহরগুলো ধারাবাহিকভাবে বিশ্বে শীর্ষ নিরাপদ শহরের তালিকায় অবস্থান করছে।

এই অর্জন শুধু শহরগুলোর নয়, পুরো দেশের জন্যই একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা বিদেশি বিনিয়োগ, পর্যটন এবং জীবনযাত্রার মান আরো বাড়াতে সহায়তা করবে।

Logo