শিগগিরই বেশ কিছু দেশে শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:০৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শিগগিরই বেশ কিছু দেশে নতুন শ্রমবাজার খুলবে। তিনি বলেন, তরুণ-যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে, যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি করা যায়।
১ জুলাই বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে বিশেষ চিকিৎসা সেবা চালু করা হয়েছে। ভিভিআইপি সেকশনের পাশে একটি ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যসেবা নিতে পারেন। এছাড়া প্রবাস থেকে মরদেহ এলে পরিবহনের জন্য ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং শিগগিরই একটি অ্যাম্বুলেন্সও যুক্ত হবে।
তিনি আরো বলেন, রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের সম্মান জানাতে ভিআইপি লাউঞ্জের উপরে একটি আলাদা ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। সেখানে প্রায় ৪০ জন বসার সুযোগ থাকবে। পাশাপাশি একটি আধুনিক ওয়্যারহাউসের কাজও শেষ হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট ও হাদারপারে পাঁচটি বড় ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে এগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে রেলওয়ে সচিব ও মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণে সার্ভেয়ার সংকট ছিল। ভূমিমন্ত্রীর সঙ্গে কথা বলে ছয়জন অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কাজ দ্রুত শেষ হয়। পাশাপাশি জৈন্তা কলেজের বাউন্ডারি ওয়াল ও মাটি ভরাটের কাজও প্রায় শেষ পর্যায়ে।
logo-1-1740906910.png)