Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

পবিত্র কাবা শরিফ ধোয়ার আয়োজনে ছিল গোলাপ ও আগরকাঠের সুরভি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৬:০১

পবিত্র কাবা শরিফ ধোয়ার আয়োজনে ছিল গোলাপ ও আগরকাঠের সুরভি

ইসলামি নতুন বছরের প্রথম মাস মহররমের ১৫ তারিখে অনুষ্ঠিত হলো পবিত্র কাবা শরিফ ধোয়ার বার্ষিক আনুষ্ঠানিকতা।

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।

এ বছর বাদশাহ সালমানের পক্ষে কাবা শরিফ ধোয়ার আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ।

প্রথমে কাবার গিলাফের নিচের অংশ উঠিয়ে সুরক্ষিত করা হয়। এরপর শুরু হয় ভেতরের অংশ পরিষ্কারের কাজ।

কাবার দেয়াল, স্তম্ভ ও মেঝে ধোয়া হয় জমজমের পানির সঙ্গে তায়েফের গোলাপজল মিশিয়ে। ব্যবহার করা হয় বিশেষ সুগন্ধি, কস্তুরি এবং উৎকৃষ্ট মানের উদের তেল।

সবশেষে কাবার ভেতরে ছড়িয়ে দেওয়া হয় গোলাপের তেল, অ্যাম্বার ও আগরকাঠের সুগন্ধি, যা পুরো পরিবেশকে আরো পবিত্র ও সুরভিত করে তোলে।

এই আনুষ্ঠানিকতায় কাবার ভেতরে প্রবেশের জন্য ব্যবহার করা হয় বিশেষ একটি সিঁড়ি। শক্তিশালী টিক কাঠ দিয়ে তৈরি এই সিঁড়িতে রয়েছে আধুনিক নানা সুবিধা, যার মধ্যে রয়েছে নিজস্ব আলোর ব্যবস্থা, পানি সংরক্ষণের ট্যাংক এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

উল্লেখ্য, গত জুন মাসেই কাবা শরিফে পরানো হয় নতুন কিসওয়া বা গিলাফ, যা সৌদি আরবের কারিগররাই তৈরি করেছেন।

প্রতি বছর এই ঐতিহ্যবাহী আয়োজন মুসলিম বিশ্বের কাছে পবিত্র কাবা শরিফের সম্মান, পরিচর্যা ও পবিত্রতার এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Logo