Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ জুন ২০২৬

কুয়েতে সন্দেহজনক তল্লাশি, ধরা পড়ল বাংলাদেশি প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৫:১৬

কুয়েতে সন্দেহজনক তল্লাশি, ধরা পড়ল বাংলাদেশি প্রবাসী

বাহরাইন

পাতলা পলিব্যাগ নিষিদ্ধ করল বাহরাইন

বাহরাইনে পরিবেশ দূষণ কমাতে, সেই সাথে পরিবেশের সুরক্ষা জোরদার করতে দেশটির সরকার একবার ব্যবহারযোগ্য পাতলা প্লাস্টিক ব্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন নিষেধাজ্ঞায় ৫৭ মাইক্রনের কম পুরুত্বের প্লাস্টিক ব্যাগ তৈরি, আমদানি ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সুপারমার্কেট, দোকান ও বাজারসহ সব খুচরা বিক্রয় কেন্দ্রে এই ধরনের পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না এবং এর পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য বা পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য কমানো, পরিবেশ দূষণ হ্রাস করা এবং টেকসই ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া। একই সঙ্গে বাজারে নিয়ম বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও পরিদর্শন চালানো হচ্ছে এবং আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সরকার আরো জানিয়েছে, ধাপে ধাপে এই নীতি কার্যকর করার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বিকল্পে অভ্যস্ত করাই তাদের মূল উদ্দেশ্য, যাতে দীর্ঘমেয়াদে প্লাস্টিক দূষণ কমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা যায়।


সৌদি আরব

সৌদিতে ১ জুলাই থেকে কিউয়া প্ল্যাটফর্মে প্রবাসী কর্মীদের নতুন ঘোষণা 

সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য বড় ঘোষণা দিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিউয়া  প্ল্যাটফর্ম। আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেছে, তাদের স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। তবে এর অর্থ এই নয় যে প্রতিষ্ঠানের দায়িত্ব শেষ হয়ে যাবে। কিউয়া জানিয়েছে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে কাজে রাখার সময় পর্যন্ত যত আর্থিক দায় বা বকেয়া তৈরি হয়েছে, সেসবের সম্পূর্ণ দায় প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। তাই ৩০ জুনের মধ্যেই নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে সার্ভিস ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। তবে একটি ব্যতিক্রমও রয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তার ইকামার মেয়াদ এখনো অন্তত ১৮০ দিন বৈধ থাকে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না। কিন্তু ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে নিয়োগকর্তাকে ইকামা ও ওয়ার্ক পারমিট; দুটিই নবায়ন করতে হবে, নয়তো নতুন এই নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে কর্মরত প্রবাসী এবং নিয়োগকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কিউয়া।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গাড়িচালকদের জন্য ৬টি জরুরি সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালীন তীব্র গরমে সড়ক দুর্ঘটনা ও যান্ত্রিক ত্রুটি কমাতে গাড়িচালকদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনা দিয়েছে আবুধাবি পুলিশ। ‘সেইফ সামার’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাকসিডেন্ট-ফ্রি সামার’ অভিযানের অংশ হিসেবে তারা জানিয়েছে, যাত্রা শুরুর আগে অবশ্যই গাড়ির নিয়মিত পরীক্ষা করতে হবে। বিশেষ করে ইঞ্জিনের বিভিন্ন ফ্লুইডের মাত্রা, টায়ারের বাতাসের চাপ ও টায়ারের অবস্থা ভালোভাবে নিশ্চিত করতে হবে এবং গাড়িতে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম রয়েছে কিনা, তা যাচাই করতে হবে। এছাড়া প্রচণ্ড রোদে গাড়ির স্টিয়ারিং অতিরিক্ত গরম থাকলে সঙ্গে সঙ্গে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে, গাড়ির ভেতরে দাহ্য বা সহজে আগুন ধরে এমন কোনো বস্তু রাখা যাবে না এবং সম্ভব হলে সব সময় ছায়াযুক্ত স্থানে গাড়ি পার্ক করার পরামর্শ দিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, এসব সহজ সতর্কতা মেনে চললে গ্রীষ্মকালে যান্ত্রিক ত্রুটি, টায়ার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই নিজের এবং অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে সকল চালককে দায়িত্বশীল আচরণ ও প্রতিরোধমূলক নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ।


কুয়েত

কুয়েতে সন্দেহজনক তল্লাশি, ধরা পড়ল বাংলাদেশি প্রবাসী

কুয়েতে নিয়মিত নিরাপত্তা টহলের সময় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের সময় আরো জানা যায়, তার বিরুদ্ধে আগে থেকেই ২৪ হাজার কুয়েতি দিনারের বকেয়া ঋণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দেশটির শুওয়াইক এলাকায় জাতিসংঘ চত্বরের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ আরো জানিয়েছে, টহলরত কর্মকর্তারা গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে চালক ও তার সঙ্গে থাকা যাত্রীর পরিচয়পত্র যাচাই করেন।ওই সময় দেখা যায়, বাংলাদেশি ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গ্রেপ্তারের সময় তার সঙ্গে তার কুয়েতি স্ত্রীও গাড়িতে ছিলেন। পরে অভিযুক্তকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঋণের বাইরে তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ বা মামলার তথ্য কর্তৃপক্ষ প্রকাশ করেনি।


ওমান

ওমানে প্রবাসী কর্মীদের জন্য সুখবর, সিক লিভেও বেতন-ভাতা

ওমানে প্রবাসী কর্মীদের সামাজিক ও শারীরিক সুরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। দেশটির সামাজিক সুরক্ষা তহবিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অসুস্থতাজনিত ছুটি এবং জরুরি পারিবারিক ছুটির বীমা সুবিধা এবার প্রবাসী কর্মীদের জন্যও বাধ্যতামূলকভাবে বাড়ানো হবে। এই নতুন নিয়মে, আগামী ২০২৬ সালের ১৯ জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং এর আওতায় সরকারি ও বেসরকারি উভয় খাতের বিদেশি কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন। নতুন ব্যবস্থায় কর্মীরা অসুস্থতার কারণে দীর্ঘ সময় ছুটিতে থাকলে নির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, যেখানে প্রথম সাত দিনের বেতন নিয়োগকর্তা বহন করবে এবং পরবর্তী দিনগুলোতে ধাপে ধাপে আয়ের একটি অংশ বীমা কাঠামোর মাধ্যমে প্রদান করা হবে। পাশাপাশি জরুরি পারিবারিক পরিস্থিতি যেমন নিকট আত্মীয়ের মৃত্যু বা বিশেষ প্রয়োজনীয় ছুটির ক্ষেত্রেও নির্ধারিত বীমা সুবিধা কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রবাসীসহ সব কর্মীর জন্য সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং কর্মক্ষেত্রে আর্থিক ঝুঁকি কমানো, যাতে অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে কর্মীরা আরো সুরক্ষিত থাকে। 

Logo