Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সাবেক কর্মচারীর অভিযোগ ভিত্তিহীন বলল দুবাই বাংলাদেশ কনস্যুলেট

সাবেক কর্মচারীর অভিযোগ ভিত্তিহীন বলল দুবাই বাংলাদেশ কনস্যুলেট

সাবেক ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ হানিফ খোকনের সামাজিক যোগাযোগমাধ্যমে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই কর্তৃপক্ষ।

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তা ও পৃথক পোস্টে হানিফ খোকন অভিযোগ করেন, চাকরিচ্যুত হওয়ার পর তার রেসিডেন্স ভিসা বাতিলের প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হওয়ায় তিনি আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। একই সঙ্গে তিনি কনস্যুলেটের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, হানিফ খোকনের বক্তব্যের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। বর্তমান ঘটনার সঙ্গে ভিসা জটিলতার সম্পর্ক নেই। বরং অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।

তিনি আরো অভিযোগ করেন, সরকারি পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কনস্যুলেটের ওপর চাপ সৃষ্টি এবং সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে। চাকরি হারানোর পরও প্রায় দুই বছর সরকারি পরিচয়পত্র নিজের কাছে রেখে কনস্যুলেটের নাম ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কনসাল জেনারেল আরো বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করতে কনস্যুলেট সব সময় বাংলাদেশ সরকারের বিধি-বিধান, কূটনৈতিক নীতিমালা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী কাজ করে। নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তবে কনস্যুলেটের এসব বক্তব্যের বিষয়ে মোহাম্মদ হানিফ খোকনের নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Logo