ট্যুরিস্ট ভিসা চালু, খুশির হাওয়া কলকাতার নিউমার্কেটে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৫৮
দীর্ঘ ২২ মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারতীয় হাইকমিশন। ২৫ জুন এই ঘোষণা আসার পরই কলকাতার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দের হাওয়া বইছে। করোনা ভাইরাসের দাপট, রাজনৈতিক অস্থিরতা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে এতদিন পর্যটক ভিসা বন্ধ ছিল। এর ফলে নিউমার্কেটের হোটেল, রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে শুরু করে পরিবহন ব্যবসা পর্যন্ত মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল।
বাংলাদেশি পর্যটকনির্ভর নিউমার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ট্যুরিস্ট ভিসা চালু হলে তাদের ব্যবসা আবারো ঘুরে দাঁড়াবে। পরিবহন সংস্থাগুলো আশাবাদী, যাত্রী সংকটে যে বাস পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তা আবার আগের মতো সচল হবে। গ্রিন লাইন পরিবহনের ম্যানেজার শ্যামল ঘোষ জানান, আগে তাদের অফিসে ৮-৯ জন কর্মী কাজ করতেন, এখন মাত্র ৪ জন রয়েছেন। ভিসা চালু হলে আবার কর্মসংস্থান বাড়বে।
হগ মার্কেটের কসমেটিকস ব্যবসায়ী মনিকা পাল বলেন, “আমাদের ব্যবসা পুরোপুরি বাংলাদেশি পর্যটকনির্ভর। তারা এলে একসঙ্গে বড় লেনদেন হয়। এতদিন ভিসা বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন ব্যবসা বাড়বে।” একইভাবে পাইকারি মসলার ব্যবসায়ী মাকসুদ আহমেদ মনে করেন, নিউমার্কেট একটি আন্তর্জাতিক বাজার, যেখানে পর্যটকরা এলে ভারতের অর্থনীতিও লাভবান হবে।
গার্মেন্টস বিক্রেতা রামবাবু ও অহসিন আহমেদ জানান, বাংলাদেশি ক্রেতা না আসায় তাদের দোকান বন্ধ হয়ে গেছে বা কর্মীরা বসে আছে। তারা আশা করছেন, ভিসা চালু হলে ব্যবসা আবার সচল হবে। হোটেল ব্যবসায়ী ইকবাল আহমেদ বলেন, “গত দুই বছর ধরে গেস্টহাউস খালি গেছে। বাধ্য হয়ে ১ হাজার রুপির রুম ৩০০-৪০০ রুপিতে ভাড়া দিতে হয়েছে। এখন পরিস্থিতি ভালো হলে দুই দেশের জন্যই ভালো।”
মেডিকেল ব্যবসায়ী কামরুদ্দিন মল্লিক জানান, মেডিকেল ভিসা চালু থাকলেও ব্যবসার ৬০ শতাংশ কমে গিয়েছিল। বড় হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় হাইকমিশনের সিদ্ধান্তে তারা এখন আশাবাদী।
logo-1-1740906910.png)