Logo
×

Follow Us

বাংলাদেশ

রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারের ওপরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:১৮

রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারের ওপরে

টানা ৪৪ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ৩৬ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ২৪ জুন দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। এর আগে সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে রিজার্ভ ৩৬ বিলিয়নের নিচে নেমেছিল। এরপর ধারাবাহিকভাবে কমতে কমতে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমে যায় ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবার বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ায়। গত ১৪ জুন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ডলার ঋণ যোগ হওয়ার পর রিজার্ভ ৩১ বিলিয়নের ঘর অতিক্রম করে। আইএমএফের শর্ত অনুযায়ী ২০২৩ সালের জুন থেকে বিপিএম৬ হিসাব প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। সে সময় রিজার্ভ ছিল মাত্র ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, যখন তা ৪৮ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে অর্থপাচার বেড়ে যাওয়া এবং ডলারের দর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ দ্রুত কমতে থাকে। তখন প্রতি ডলারের দর ৮৪ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় পৌঁছায়। আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

২০২৪ সালের আগস্টের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ৫২৮ কোটি ডলার বা ১৮ দশমিক ৩৯ শতাংশ বেশি। গত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে এবং ডলারের দরও স্থিতিশীল রয়েছে।

Logo