মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ জুন ২০২৬
সৌদিতে পার্কের ভেতর ক্ষুদ্র ব্যবসার অনুমতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৪:৫৫
বাহরাইন
বাহরাইনে ফুডট্রাকে ব্যবসা, ৬ মাস সময় দিল সরকার
বাহরাইনে ফুডট্রাক ব্যবসার ওপর নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে দেশটির মিউনিসিপ্যালিটি অথরিটি। নতুন নিয়ম অনুযায়ী, ফুডট্রাক মালিকদের লাইসেন্স, স্বাস্থ্যবিধি, নিরাপত্তা মান এবং পরিচালনাসংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে। এজন্য ব্যবসায়ীদের ৬ মাসের একটি গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যা ২১ জুন থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে ফুডট্রাক মালিকদের প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ, লাইসেন্স নবায়ন এবং নতুন বিধিমালার সঙ্গে ব্যবসা পরিচালনার সব বিষয় সামঞ্জস্য করতে হবে। এছাড়া অনুমতি ছাড়া স্থাপন করা বেড়া, বসার জায়গা, অতিরিক্ত কাঠামো বা জনসাধারণের জায়গা দখল করে রাখা কোনো স্থাপনা থাকলে তা অপসারণ করতে হবে। প্রশাসন বলছে, নতুন এই উদ্যোগের উদ্দেশ্য হলো ফুডট্রাক খাতকে আরো সুশৃঙ্খল করা, জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসার জন্য একটি মানসম্মত পরিবেশ তৈরি করা। নির্ধারিত ৬ মাসের মধ্যে নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সৌদি আরব
সৌদিতে পার্কের ভেতর ক্ষুদ্র ব্যবসার অনুমতি
সৌদি আরবের পৌর, গ্রামীণ ও আবাসন মন্ত্রণালয় দেশের পাবলিক পার্কগুলোতে ১২ ধরনের বাণিজ্যিক ও বিনোদনমূলক কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে। নতুন পরিকল্পনার আওতায় পার্কগুলোতে খাবার ও পানীয় বিক্রয় কেন্দ্র, ফুডট্রাক, খুচরা বিক্রয়, বিনোদনমূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা ও বিভিন্ন পারিবারিক সেবার ব্যবস্থা করা যাবে। এর মাধ্যমে পার্কগুলোকে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা এবং দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উদ্যোগ স্থানীয় বিনিয়োগ বাড়াবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারিত করবে। পাশাপাশি পার্কের পরিবেশ, নিরাপত্তা ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে নির্দিষ্ট নিয়ম ও মানদণ্ড অনুসরণ করতে হবে। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে জনজীবনের মান উন্নয়ন এবং বিনোদন খাতের বিকাশে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কুয়েত
কুয়েতে এক ভারতীয়র মৃত্যুদণ্ড, বাংলাদেশির যাবজ্জীবন
কুয়েতের সর্বোচ্চ আদালত এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। আদালতের নথি অনুযায়ী, ওই বাংলাদেশি তার এক বন্ধুকে হত্যার পর তার মোবাইল ফোন নিয়ে নেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। মামলার নিম্ন আদালত ও আগের বিচারিক ধাপে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও শেষ পর্যন্ত কোর্ট অব ক্যাসেশন সেই রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। অন্যদিকে, একই সময়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে কুয়েতের আপিল আদালত। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করার অভিযোগে ওই ভারতীয় দোষী সাব্যস্ত হন। তদন্ত ও বিচার শেষে আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। কুয়েতের আদালত জানিয়েছে, উভয় মামলাই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং বিচারিক পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে প্রাইভেট টিউশনের অনুমতি দিল সরকার
সংযুক্ত আরব আমিরাত সরকার প্রাইভেট টিউশন খাতকে নিয়মের আওতায় আনতে নতুন নীতিমালা ঘোষণা করেছে। এখন থেকে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, নিবন্ধিত শিক্ষক এবং বেকার ব্যক্তিরাও বৈধভাবে প্রাইভেট টিউশন করিয়ে অতিরিক্ত আয় করতে পারবেন। এজন্য তাদের ‘প্রাইভেট টিউটর ওয়ার্ক পারমিট’ নিতে হবে, যা বিনামূল্যে প্রদান করা হবে এবং এর মেয়াদ হবে দুই বছর। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন অনুমোদন পেতে সাধারণত দুই দিনের মতো সময় লাগবে। তবে এই পারমিট পাওয়ার পরও কিছু শর্ত মানতে হবে। কোনো শিক্ষক নিজের স্কুলের শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে পড়াতে পারবেন না এবং সব টিউটরকে পেশাগত আচরণবিধি মেনে চলতে হবে। এছাড়াও যেসব শিক্ষার্থী জুনিয়র সেকশনের শিক্ষার্থীদের টিউশন দিতে আগ্রহী, তাদের নিজেদের অভিভাবকদের অনুমতি নিয়ে টিউশন পারমিটের জন্য আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবকদের তথ্য গোপন রাখা, কোনো ধরনের মানসিক বা শারীরিক নির্যাতন না করা এবং ব্যক্তিগত যোগাযোগ থেকে বিরত থাকার বাধ্যবাধকতাও রয়েছে। আমিরাত সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে অবৈধ টিউশন কার্যক্রম কমবে, শিক্ষার মান উন্নত হবে এবং যোগ্য ব্যক্তিদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে।
ওমান
ওমানে শিথিল হচ্ছে রেসিডেন্স পারমিট
ওমান সরকার বিদেশি প্রপার্টি মালিক ও বিনিয়োগকারীদের জন্য রেসিডেন্সি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। রয়্যাল ওমান পুলিশের জারি করা এক সিদ্ধান্তে জানানো হয়েছে, এখন থেকে স্থানীয় কোনো স্পন্সরের প্রয়োজন ছাড়াই বিদেশিরা রেসিডেন্সি ভিসা ও পারমিট পেতে পারবেন। এই পরিবর্তনের লক্ষ্য বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ওমানকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা। নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি ব্যক্তি আবাসিক ইউনিট বা উন্নয়নযোগ্য জমির মালিক হবেন, এমনকি যেসব সম্পত্তির রেজিস্ট্রেশন এখনো সম্পূর্ণ হয়নি, তারাও নির্দিষ্ট কর্তৃপক্ষের সনদের ভিত্তিতে ভিসা পেতে পারবেন। এই সুবিধা প্রপার্টি মালিকদের প্রথম ডিগ্রির পরিবারের সদস্য ও কোম্পানির আইনি প্রতিনিধিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অপ্রতিষ্ঠিত বা রেজিস্ট্রেশন না হওয়া সম্পত্তির ক্ষেত্রে ভিসার মেয়াদ ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে এবং তা নবায়নযোগ্য হবে। তবে প্রতি ভিজিটে সর্বোচ্চ ৩ মাস থাকার অনুমতি থাকবে। পাশাপাশি ‘ওনার ভিসা’ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যেখানে স্পন্সরের বাধ্যবাধকতা থাকছে না। তবে নতুন নিয়মে একটি গুরুত্বপূর্ণ শর্তও যুক্ত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা অন্যভাবে হস্তান্তর করেন, তাহলে তার রেসিডেন্সি পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে, এই সংস্কার বিনিয়োগকারীদের জন্য সুবিধা বাড়ালেও মালিকানা বজায় রাখার বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে থাকবে।
logo-1-1740906910.png)