কুয়েতে দণ্ডপ্রাপ্ত ৫ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া, আপিল এবং আমিরের অনুমোদন সম্পন্ন হওয়ার পর ২০ জুন কুয়েতের সেন্ট্রাল প্রিজনে ফাঁসির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিহতদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি নাগরিক, একজন বেদুইন এবং একজন মিসরীয় নাগরিক।
আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, অপহরণ করে হত্যা, ধর্ষণ, অবৈধ আটকে রাখা, মাদক ও অস্ত্র রাখাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছিল। এদের মধ্যে একজন কালাশনিকভ রাইফেল ব্যবহার করে খুন ও হত্যাচেষ্টার দায়ে, একজনকে অপহরণ ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে, একজনকে এক নারীকে অপহরণ ও যৌন নির্যাতনের দায়ে এবং বাকি দুজনকে পৃথক হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অভিযুক্তদের বিচার তিনটি বিচারিক স্তর অতিক্রম করেছে এবং প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
logo-1-1740906910.png)