সৌদি আরবের পর্যটন খাত ২০২৫ সালে নতুন রেকর্ড গড়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরে মোট ১২ কোটি ৩০ লাখ দেশি-বিদেশি পর্যটক সৌদি আরব ভ্রমণ করেছেন। একই সময়ে পর্যটকরা দেশটিতে এসে খরচ করেছেন ৩০৪ বিলিয়ন সৌদি রিয়াল, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।
প্রতিবেদনে দেখা গেছে, ২ কোটি ৯৩ লাখ আন্তর্জাতিক পর্যটক সৌদি আরব সফর করেছেন। আর তারা দেশটিতে এসে খরচ করেছেন ১৭৬ দশমিক ৬ বিলিয়ন রিয়াল। অন্যদিকে, ৯ কোটি ৩৩ লাখ সৌদি পর্যটক দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে ব্যয় করেছেন ১২৭ দশমিক ১ বিলিয়ন রিয়াল।
সৌদি কর্তৃপক্ষ বলছে, ভিশন ২০৩০-এর আওতায় পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
হজ ও ওমরাহর পাশাপাশি বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা ও ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ট্যুরিস্টের দেখা মিলছে সৌদিতে। ফলে বাড়ছে দেশটির অর্থনৈতিক গতি, বাড়ছে কর্মসংস্থান।
২০২৫ সালে দেশটির পর্যটন শিল্পে চাকরি ১০.৩ লাখে পৌঁছেছে। ২০১৮ সালে পর্যটন খাতে যেখানে ৫% নারী ছিলেন, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪৭%-এ। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব জানিয়েছেন, এই অর্জন সৌদি আরবকে বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
logo-1-1740906910.png)