মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ জুন ২০২৬
বাহরাইনে সমুদ্রে ডোবার ঝুঁকি, জারি হলো নতুন সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৫:৩৪
বাহরাইন
বাহরাইনে সমুদ্রে ডোবার ঝুঁকি, জারি হলো নতুন সতর্কতা
এই গরমে বাহরাইনের সমুদ্রসৈকত ও সুইমিং পুলগুলোতে মানুষের ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ডুবে যাওয়ার দুর্ঘটনার শঙ্কাও। সাম্প্রতিক সময়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের পানিতে ডুবে যাওয়ার কয়েকটি ঘটনার পর নতুন করে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল আমান প্রোগ্রামের আওতায় কর্নেল ড. ওসামা বাহার জানিয়েছেন, সাঁতার দারুণ একটি খেলাধুলা ও বিনোদনের মাধ্যম হলেও কখনো কখনো এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, এমনকি দক্ষ সাঁতারুদের জন্যও। তিনি সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় উজ্জ্বল রঙের সাঁতারের বয়া ব্যবহারের পরামর্শ দেন, যাতে নৌকা বা জেট স্কি চালকরা সহজে দেখতে পারেন। পাশাপাশি তীরের সমান্তরালে সাঁতার কাটা, গভীর পানি এড়িয়ে চলা, নিজের অবস্থান কাউকে জানিয়ে রাখা এবং নৌপথ, বন্দর, সেতুর নিচের এলাকা ও নিষিদ্ধ স্থানে সাঁতার না কাটার আহ্বান জানিয়েছেন। দেশটির নাগরিক ও বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, পানির কাছে শিশুদের কখনো চোখের আড়াল করা যাবে না এবং তাদের হাতও ছাড়া যাবে না। কারণ অল্প সময়ের অসতর্কতাতেই নীরবে ও দ্রুত ডুবে যাওয়ার ঘটনা ঘটতে পারে, এমনকি অগভীর পানিতেও। তাই নিরাপদে সময় কাটাতে সচেতনতা ও সতর্কতার কোনো বিকল্প নেই।
সৌদি আরব
সৌদিতে তাপমাত্রা ছুঁতে পারে ৫০ ডিগ্রি, সতর্কতা জারি
সৌদি আরবে ভয়াবহ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি বা এনসিএম। সংস্থাটি জানিয়েছে, আগামী ২০ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সবচেয়ে বেশি গরম পড়বে ইস্টার্ন প্রভিন্সে, যেখানে তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এছাড়া রিয়াদ, আল-কাসিম, মদিনা এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলে তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, দীর্ঘমেয়াদি আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে জুন মাস সৌদি আরবের সবচেয়ে উষ্ণ ও শুষ্ক মাসগুলোর একটি। তাই এই সময় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং প্রচণ্ড গরম থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র গরমের এই সময়ে অনেক প্রবাসী বাংলাদেশিদের বাইরে কাজ করতে হয়। ফলে তাদের মিডডে ওয়ার্ক নিয়ম মেনে চলা, গরমের সময় অতিরিক্ত সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।
কুয়েত
কুয়েতে অবৈধভাবে সিভিল আইডি নিলেই বহিষ্কার
কুয়েতে অবৈধভাবে সিভিল আইডি বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, যারা ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র বা প্রতারণার মাধ্যমে সিভিল আইডি সংগ্রহ করছেন, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সরাসরি দেশ থেকে বহিষ্কার করা হবে। কর্তৃপক্ষের মতে, কিছু প্রবাসী নিয়মবহির্ভূত উপায়ে পরিচয়পত্র সংগ্রহ করে সরকারি সেবা ও বিভিন্ন সুবিধা গ্রহণের চেষ্টা করছেন, যা দেশের আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের অনিয়ম রোধে তথ্য যাচাই ও নজরদারি আরো জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কেউ যদি মিথ্যা তথ্য প্রদান করে বা অন্যের ঠিকানা ব্যবহার করে সিভিল আইডি নেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসীদের বৈধ ও সঠিক তথ্য ব্যবহার করে সব নথিপত্র হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পরিচয়পত্র ব্যবস্থার অপব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইন ভঙ্গকারীদের জন্য অপেক্ষা করছে জরিমানা, আইনি জটিলতা এবং শেষ পর্যন্ত বহিষ্কারের মতো কঠোর পরিণতি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে লিটারিংয়ে জরিমানা, পয়েন্ট কাটার ঝুঁকি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ ড্রাইভারদের জন্য লিটারিংয়ে নতুন করে কঠোর সতর্কতা জারি করেছে। চলন্ত বা পার্ক করা গাড়ি থেকে রাস্তায় ময়লা, পানির বোতল, কাগজ, টিস্যু কিংবা অন্য কোনো বর্জ্য ফেললে গুনতে হবে ১ হাজার দিরহাম জরিমানা। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সে কাটা যাবে ৬ পয়েন্ট। পুলিশ জানিয়েছে,এ ধরনের আচরণ শুধু আইন লঙ্ঘনই নয়, বরং পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই চালকদের পাশাপাশি গাড়ির যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আবুধাবির পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সড়কে ময়লা ফেলার বিরুদ্ধে অভিযান ও নজরদারি আরো জোরদার করা হবে। তাই গাড়িতে থাকা সব ধরনের বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে, অন্যথায় অপেক্ষা করছে মোটা অঙ্কের জরিমানা এবং ব্ল্যাক পয়েন্টের শাস্তি। আমিরাতে থাকেন কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি, যাদের পরিচ্ছন্নতার এই বিষয়ে সচেতন থাকা উচিত।
logo-1-1740906910.png)