পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ ব্যবস্থাপনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফিরতি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ২৬৯ জন দেশে ফিরেছেন। অন্যদিকে হজ পালনের উদ্দেশে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মক্কায় সর্বাধিক ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে।
১৯ জুন পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যারা ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৪ হাজার ৩ জন হাজি দেশে ফিরেছেন।
মোট ১৫২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৬টি, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে গিয়েছিলেন। ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে ৩০ জুন।
logo-1-1740906910.png)