প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর; আশার আলো দেখছেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪২
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জেগেছে নতুন আশার আলো। তারা মনে করছেন, এই সফর শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১২ লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। দীর্ঘদিন ধরে তারা শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের অধিকার সুরক্ষা, ভিসা জটিলতা নিরসন এবং বৈধতার সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে আসছেন। এসব বিষয়েই এবার আলোচনায় আসতে পারে বলে আশা করছেন প্রবাসীরা।
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও সহজ করা এবং প্রশিক্ষিত কর্মী পাঠানোর উদ্যোগ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। একজন প্রবাসী বলেন, “যারা মালয়েশিয়ায় আসতে চান, তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে পাঠানো উচিত, এতে দেশের ভাবমূর্তি বাড়বে।”
প্রবাসীরা আশা করছেন, সফরে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো, কর্মীদের কল্যাণ নিশ্চিত করা এবং হাইকমিশনের সেবার মান উন্নত করার বিষয়েও আলোচনা হবে। অনেকেই বলছেন, “যারা অবৈধভাবে রয়েছেন, তারা যেন বৈধতা পান এবং অল্প খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়।”
সফরে শ্রমবাজার ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে বৈঠক হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মালয়েশিয়ার সঙ্গে এই সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি ও প্রবাসী কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রবাসীরা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সফর দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে। একই সঙ্গে প্রবাসীদের জীবন-জীবিকা, নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীরা আশাবাদী, এই সফর তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, যেখানে শ্রমবাজারের সম্প্রসারণ, বৈধতার সুযোগ এবং প্রবাসী কল্যাণের বাস্তব অগ্রগতি দেখা যাবে।
logo-1-1740906910.png)