প্রবাসীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৭
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রবাসীরা।
১২ জুন ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। পরে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তিতুমীর বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা আপনারা মূলধারার রাজনীতি ও অন্যান্য কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন। তাহলে দেশের প্রতি আরো বড়ভাবে অবদান রাখতে পারবেন।”
প্রস্তাবিত বাজেটকে তিনি বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ, যা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের সংকটময় সময়ে জনগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। পতিত সরকার লুটপাট করে পালিয়ে গেছে, রেখে গেছে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি। জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে এবং তারেক রহমান সেই আস্থার প্রতিদান দিতে কাজ শুরু করেছেন।
তিতুমীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের পর বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের দায়িত্ব জনগণ দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর সেই দায়িত্ব পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, “জিয়া ও খালেদা দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ জনগণ ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছে তারেক রহমানকে।”
ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে। এতে বক্তব্য দেন জাহিদ খান, মিয়া মজনু, নয়ন বাঙালি প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে।
logo-1-1740906910.png)