Logo
×

Follow Us

আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৩

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ১৩ জুন হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বিষয়টি নিয়ে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন।

হাইকমিশন জানায়, গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেপ্তারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। এছাড়া গত দুই দিনে আরো প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন।

বার্তায় বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহ অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে। হাইকমিশন আরো জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, জরুরি প্রয়োজনে তারা যেন হাইকমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। এতে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পাওয়া সম্ভব হবে।

Logo