Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৬:২৩

সৌদি প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কিউয়া ডিজিটাল লেবার প্ল্যাটফর্ম নতুন নির্দেশনায় জানিয়েছে, এই পারমিটের জন্য ১০০ রিয়াল ফি দিতে হবে।

কিউয়া প্ল্যাটফর্মে ব্যবসায়িক সাবস্ক্রিপশন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রত্যাহার ও ভিসা-সংক্রান্ত সেবা নিয়ে নতুন নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার অনুযায়ী নির্ধারিত হবে এবং তা নিবন্ধিত কর্মীর সংখ্যা অনুযায়ী হিসাব করা হবে।

কিউয়া জানিয়েছে, তামহীর প্রোগ্রামের সুবিধাভোগীদের প্রশিক্ষণ চুক্তি ইলেকট্রনিকভাবে নথিভুক্ত করা যাবে। তবে এসব চুক্তি সৌদাইজেশন হিসাবের অন্তর্ভুক্ত হবে না এবং বর্তমান কর্মসংস্থান চুক্তি নথিভুক্তির শর্ত পূরণে গণনা করা হবে না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে শর্ত হলো, ওই সময়ের মধ্যে নিয়োগকর্তা পদত্যাগ গ্রহণ বা সিদ্ধান্ত স্থগিত না করলে কর্মী পদত্যাগ প্রত্যাহার করতে পারবেন। কিউয়া আরো জানিয়েছে, নোটিশ পিরিয়ড কর্মচুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে এবং কর্মীভেদে তা ভিন্ন হতে পারে।

কিউয়া স্পষ্ট করেছে, একবার ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর সংশোধন করা যাবে না। ভুল তথ্য থাকলে বিদ্যমান ভিসা বাতিল করে নতুন ভিসা ইস্যু করতে হবে।

সেবা ফি পরিশোধের জন্য ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যাবে।

Logo