Logo
×

Follow Us

বাংলাদেশ

কেয়ারগিভার সেন্টার ও স্মার্ট স্কিল ব্যাংক চালুর উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:০৬

কেয়ারগিভার সেন্টার ও স্মার্ট স্কিল ব্যাংক চালুর উদ্যোগ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভার’ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। দেশে ও বিদেশে দ্রুত বাড়তে থাকা কেয়ারগিভার চাহিদা পূরণে এই কর্মসূচি নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ গড়ে তুলে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন প্রবাসী আয়ের সুযোগ সৃষ্টি।

অর্থমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে কেয়ারগিভারের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং রেমিট্যান্স আয়ও বাড়বে।

দেশের অভ্যন্তরেও কেয়ারগিভার সেবার চাহিদা দ্রুত বাড়ছে। বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিশেষায়িত পরিচর্যার প্রয়োজনীয়তা বৃদ্ধির কারণে প্রশিক্ষিত কর্মীর চাহিদা আগের তুলনায় অনেক বেশি। এই প্রেক্ষাপটে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য চার মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে কর্মরত ৬০ হাজার সেবাদানকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কেয়ারগিভার তৈরির পথ সুগম হবে।

বিদেশি নিয়োগকর্তাদের আস্থা অর্জন ও দক্ষ কর্মীদের মান যাচাই নিশ্চিত করতে চালু করা হবে ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’। এর আওতায় প্রতিটি কর্মীর দক্ষতা, অভিজ্ঞতা ও সনদ যাচাই করে একটি কেন্দ্রীয় ‘স্মার্ট স্কিল ব্যাংক’ বা ডাটাবেজ গড়ে তোলা হবে। যাচাইকৃত কর্মীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডিজিটাল সনদ দেওয়া হবে, যাতে বিদেশি নিয়োগকর্তারা সরাসরি মানসম্পন্ন দক্ষ কর্মী নিয়োগ করতে পারেন।

অর্থমন্ত্রী বলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। একই সঙ্গে বৈদেশিক আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Logo