Logo
×

Follow Us

বাংলাদেশ

অনিয়মিত অভিবাসন বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১১

অনিয়মিত অভিবাসন বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ

বাংলাদেশ মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে। ১০ জুন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্যাবর্তন ও ভিসাবিষয়ক ভিজিটিং ডিরেক্টর হেনরিক নিলসেনের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে দক্ষ জনশক্তি ও পেশাজীবীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে নতুন আইনি অভিবাসন পথ তৈরি করার আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইইউর অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান গতিতে সন্তোষ প্রকাশ করেন। উভয় পক্ষই বহুমুখী অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আলোচনায় ইইউর আসন্ন Asylum and Return Border Procedure নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ অভিবাসন ও প্রত্যাবর্তন বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয়, নিয়মিত সংলাপ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের গুরুত্বের ওপর জোর দেয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার ওপর আলোকপাত করা হয়।

বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA), এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ, শিক্ষা, ক্রীড়া, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতাসহ নানা বিষয় আলোচনায় আসে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের প্রতি ইইউর অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মনোযোগ বজায় রাখা জরুরি।

Logo