বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক নির্যাতনের শিকার: সংসদে অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০৯
বিদেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের প্রায় ৯৪ শতাংশই কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হন- জাতীয় সংসদে এমন ভয়াবহ অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজ। ৮ জুন সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের সুযোগ নিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন এবং নারী কর্মীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানান, সরকার ইতোমধ্যে নারী কর্মীদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের অভিযোগ ও সেবা নিশ্চিত করতে ১৬১৩৫ নম্বরে টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মীদের জন্য ‘সেফ হোম’ পরিচালনা করা হচ্ছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মারদিয়া মমতাজ বলেন, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন লাখের বেশি নারী শ্রমিক বিদেশে গেছেন। তাদের অনেকেই চরম নিরাপত্তাহীনতা, বেতন বঞ্চনা ও চুক্তি লঙ্ঘনের শিকার হচ্ছেন। তিনি জানতে চান, নারী কর্মীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন, বিমা সুবিধা এবং নিয়োগকর্তা যাচাইয়ের মতো সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হবে কিনা।
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, “বিদেশে অবস্থানরত নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। প্রবাসীরা দেশের বাইরে থেকেও ১৬১৩৫ নম্বরে কল করে যে কোনো অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ামাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।” তিনি আরো জানান, অতীতে অনেক দেশের সঙ্গে শ্রমবিষয়ক সমঝোতা স্মারক (MoU) না থাকলেও এখন নতুন চুক্তি হচ্ছে, যার ফলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কর্মক্ষেত্রে হয়রানির প্রতিকার দাবি করা সহজ হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের দুটি সেফ হোম রয়েছে। এছাড়া ওমানসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে। সরকারের সতর্কতার কারণে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা নারী কর্মীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে।
তিনি আরো বলেন, “আমরা একটি ‘অ্যাডভান্স পুল’ গঠনের পরিকল্পনা করছি, যাতে সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তারা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে কর্মী নিতে পারেন। এতে তদারকি বাড়বে এবং প্রতারণা কমবে।”
অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য হান্নান মাসউদ প্রবাসী শ্রমিকদের সার্বিক দুর্ভোগ ও প্রতারণা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা এই মানুষগুলোর অনেকেই সর্বস্ব হারিয়ে দেশে ফিরছেন।
logo-1-1740906910.png)