মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ জুন ২০২৬
বাহরাইনে গরমে শ্রমিকদের জন্য নতুন ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৩:৪৭
বাহরাইন
বাহরাইনে গরমে শ্রমিকদের জন্য নতুন ঘোষণা
বাহরাইনে গ্রীষ্মকালে তীব্র গরমের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় নতুন নির্দেশনা কার্যকর করতে যাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আগামী ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত খোলা আকাশের নিচে দিনের নির্দিষ্ট একটি সময় কাজের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শ্রমিককে দিয়ে বাইরে কাজ করানো যাবে না। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গরমজনিত অসুস্থতা, হিট এক্সহস্টশন, হিটস্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে শ্রমিকদের সুরক্ষা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে কর্মস্থলে দুর্ঘটনার ঝুঁকি কমানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসাধারণের সহযোগিতা চেয়ে একটি হটলাইনও চালু করেছে মন্ত্রণালয়। কেউ এ নিয়ম লঙ্ঘনের ঘটনা দেখলে জরুরি নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।বাহরাইনের শ্রম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বাহরাইনের বেসরকারি খাতের শ্রম আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ৫০০ থেকে ১ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। পুনরাবৃত্তি ঘটলে দণ্ড দ্বিগুণ করারও বিধান রয়েছে।
কুয়েত
কুয়েতে চালু হলো মিড ডে ওয়ার্ক ব্যান
কুয়েতে গ্রীষ্মকালীন তীব্র তাপদাহের কারণে ডেলিভারি মোটরসাইকেল চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনা অনুযায়ী, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডেলিভারি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কুয়েতের ট্রাফিক অ্যান্ড অপারেশনস অ্যাফেয়ার্স সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড গরমে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডেলিভারি কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশ অমান্য করলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দেশটতে সরকারি কর্মীদের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সংস্থাটির কর্মীরা প্রতিদিন ছয় ঘণ্টা কাজ করবেন। পিএএম আরো জানিয়েছে, গরমের মৌসুমে কর্মপরিবেশ আরো নমনীয় ও কার্যকর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওমান
ওমানে মিড ডে ওয়ার্ক ব্যান, নিষেধ অমান্যে কঠোর শাস্তি
ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে ১ জুন থেকে মিড ডে ওয়ার্ক ব্যান কার্যকর করেছে। ১ জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা জায়গা ও সরাসরি রোদে কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না।কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে প্রতি বছরের মতো এবারো এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইতোমধ্যে ওমানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। গত ২৪ ঘণ্টায় সাহাম এলাকায় সর্বোচ্চ ৪৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আল কামিল ওয়াল ওয়াফি, সোহার, ফাহুদ, আল রুস্তাক ও দিমা ওয়াত তায়িনসহ বেশ কয়েকটি অঞ্চলেও ৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। শ্রম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নিষিদ্ধ সময়ের মধ্যে নির্মাণস্থল বা খোলা জায়গায় শ্রমিক নিয়োগ করা সম্পূর্ণ বেআইনি। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে।
সৌদি আরব
সৌদিতে নতুন মৌসুমের ওমরাহ ভিসা চালু
হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে আন্তর্জাতিক হাজিদের জন্য ওমরাহ ভিসা ইস্যু করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীরা এখন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১৪৪৮ হিজরি বর্ষের ওমরাহ মৌসুম শুরু হয়েছে এবং এটি আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। হজ মৌসুমে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে কয়েক সপ্তাহ ওমরাহ ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আবারো ওমরাহ কার্যক্রম চালু করা হলো। হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়সূচিও প্রকাশ করেছে। এর আওতায় ৩১ মে থেকে ভিসা ইস্যু এবং আন্তর্জাতিক মুসল্লিদের সৌদি আরবে প্রবেশ শুরু হয়েছে। ১ জুন থেকে মক্কায় প্রবেশ ও ওমরাহ পারমিট ইস্যু কার্যক্রমও চালু হয়েছে। এছাড়া আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু অব্যাহত থাকবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা আবেদন, বুকিং এবং বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ রাখা হয়েছে, যাতে দ্রুত ও সহজে ওমরাহ যাত্রার প্রস্তুতি সম্পন্ন করা যায়।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে কর্মীদের বেতন পরিশোধে নতুন নিয়ম জারি
সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মীদের বেতন পরিশোধে নতুন নিয়ম কার্যকর হয়েছে। ১ জুন থেকে চালু হওয়া এই ব্যবস্থার আওতায় দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতি মাসের প্রথম দিনেই আগের মাসের বেতন পরিশোধ করতে হবে। নতুন নিয়মের লক্ষ্য হলো কর্মীদের বেতন সময়মতো নিশ্চিত করা এবং বেতন প্রদানে বিলম্বের ঘটনা কমিয়ে আনা।
দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বিধান অনুযায়ী অবশ্যই ওয়েজ প্রটেকশন সিস্টেম অথবা মন্ত্রণালয় অনুমোদিত অন্য কোনো পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বেতন পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর বেতন পরিশোধ করা হলে সেটিকে বিলম্বিত বেতন হিসেবে গণ্য করা হবে। ফলে মে মাসের বেতন ১ জুনের মধ্যেই কর্মীদের কাছে পৌঁছাতে হবে।
এর আগে কোম্পানিগুলো বেতন প্রদানে তুলনামূলক বেশি সময় পেত এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ১৫ দিনের গ্রেস পিরিয়ডও ছিল। নতুন নিয়মে সেই সুবিধা বাতিল করা হয়েছে। এখন মাসের প্রথম দিনই বেতন পরিশোধের চূড়ান্ত সময়সীমা হিসেবে বিবেচিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের মোট প্রাপ্য বেতনের অন্তত ৮৫ শতাংশ পরিশোধ করতে পারলে সেটিকে নিয়ম মেনে চলা প্রতিষ্ঠান হিসেবে ধরা হবে। নতুন নিয়ম লঙ্ঘন করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)