বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে এসে হেলিকপ্টারে গাজীপুর ছুটে গেলেন সৌদি নাগরিক শেখ আব্দুর রহমান মোবারক আল ইয়ামি। সাত দিনের সফরে তিনি ৩০ মে সকালে ঢাকায় পৌঁছান এবং সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে গাজীপুরের কালীগঞ্জে যান।
তার আগমন উপলক্ষে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল খেলার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মাঠে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হয়। তবে হেলিকপ্টারের চাকচিক্যের চেয়ে বড় ছিল বন্ধুত্বের টান।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ইসমাঈল হোসেনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে বাংলাদেশ সফরে আসেন আব্দুর রহমান। তিনি বলেন, “বন্ধুর আমন্ত্রণে এসেছি। বাংলাদেশ সম্পর্কে যতটা ধারণা ছিল, বাস্তবে এসে দেখলাম দেশটি তার চেয়েও সুন্দর। এখানকার মানুষ আন্তরিক ও অতিথিপরায়ণ।”
কালীগঞ্জে তিনি দেলোয়ার হোসেন শেখ, আশাদুল্লাহ ও নুর ইসলামের বাড়ি সফর করেন। প্রতিটি বাড়িতে তাকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও ফুল দিয়ে শুভেচ্ছা, কোথাও তোরণ নির্মাণ, আবার কোথাও আন্তরিক হাসিমাখা মুখে অভ্যর্থনা।
ডাবের পানি, মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচু, তালের শাঁসসহ নানা খাবারে তাকে আপ্যায়ন করা হয়। সবচেয়ে বেশি মুগ্ধ হন দুপুরের ভোজে। দেশি মাছ টেংরা, শিং, কৈ, মলা, পুঁটি ও চিংড়ির সঙ্গে ছিল দেশি মুরগি, খাসি ও গরুর মাংস। গ্রামীণ রান্নার স্বাদ তাকে গভীরভাবে আনন্দিত করে।
দেলোয়ার হোসেনের বাড়ির পাশের লিচুবাগানে গিয়ে নিজ হাতে লিচু পেড়ে খাওয়ার অভিজ্ঞতায় শিশুসুলভ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, “বন্ধুর বাড়িতে এসে মনে হয়নি আমি বিদেশে আছি, বরং নিজের পরিবারের মাঝেই আছি।”
কালীগঞ্জ থেকে তিনি কুমিল্লা ও পরে সিলেটে দুই বন্ধুর বাড়ি সফর করবেন। এরপর আবার কালীগঞ্জে ফিরে নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
logo-1-1740906910.png)